লজ্জাবতী বানর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধার করা একটি লজ্জাবতী বানর মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার জৈন্তাপুরের সারী রেঞ্জ কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল জৈন্তাপুরের ডিবির হাওর গ্রামের কৃষক লীলাময় বিশ্বাসের বাড়ি থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করে।
লীলাময় বিশ্বাস বলেন, ৭ জুলাই বিকেলে বাড়ির বাঁশঝাড়ের কাছেই ছিল বানরটি। শিশুরা এটিকে রশি দিয়ে বেঁধে খেলছিল। সেখান থেকে তিনি খাঁচাবন্দী করে খাবারদাবার দিয়ে সেবা করছিলেন প্রাণীটিকে।
নাসির উদ্দিন বলেন, পরিণত বয়সের লজ্জাবতী বানরটি সুস্থ আছে। কৃষক লীলাময়ের সচেতনতায় বানরটি প্রাণে রক্ষা পেয়েছে। বন বিভাগের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে গতকাল বিকেলে বানরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।