লজ্জাবতী বানর বনে ফিরল
বিরল প্রজাতির এক লজ্জাবতী বানর চলে এসেছিল লোকালয়ে। ভোর থেকে বানরটি বসতবাড়ির উঠোনে ঘোরাঘুরি করছিল। গ্রামবাসী কৌশলে তাকে ধরেও ফেলেছিল। তবে কোনো অঘটন ঘটেনি। লোকালয়ে আসা বানরটিকে তারা কাগজের বাক্সে করে এনে তুলে দেয় উপজেলা প্রশাসনের কাছে। সেখান থেকে বন বিভাগের কর্মীরা বানটিকে নিয়ে গিয়ে আবার ছেড়ে দিয়েছেন বনে। ঘটনাটি সিলেটের জৈন্তাপুরের।বন বিভাগ জানায়, জৈন্তাপুরের উজানীনগর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি বতাই মিয়ার বাড়ির উঠোনে গতকাল বুধবার ভোর থেকে লজ্জাবতী বানরটি ঘোরাঘুরি করছিল। লোকজন কৌশলে অক্ষত অবস্থায় বানটিকে ধরে একটি বাক্সের মধ্যে পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তাদের একটি দল লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে সন্ধ্যায় সিলেট শহরতলির খাদিমনগরে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়।বন বিভাগের জৈন্তাপুর-কানাইঘাট রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, ২০ থেকে ২৫ সেন্টিমিটার মাপের এই লজ্জাবতী বানর মধ্যবয়স্ক। কৌশলে আটক করায় তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়নি। এর পরও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বানরটিকে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।এর আগে জৈন্তাপুর থেকে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়। উপজেলার নিজপাট ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে ১১ অক্টোবর একজন কাঠমিস্ত্রির কাছ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। ফুলবাড়ী থেকে ৮ আগস্ট ২১ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা আরও একটি লজ্জাবতী বানর বন্য প্রাণি শিকারিদের হাত থেকে উদ্ধার করে বন বিভাগের কাছে দিয়েছিলেন। পরে সেটি মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছিল।তিন মাসের মধ্যে একই এলাকা থেকে তিনটি লজ্জাবতী বানর উদ্ধার প্রসঙ্গে সিলেট বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) দেলওয়ার হোসেন প্রথম আলোকে জানান, শীত মৌসুম আসছে। এ জন্য আবহাওয়ার পরিবর্তনের করণে বন্য প্রাণী আবাসস্থল পরিবর্তন করতে গিয়ে লোকালয়ে আসতে পারে। বন বিভাগ ওই এলাকাকে বিশেষ নজরদারির মধ্যে রাখবে।