লজ্জাবতী বানরটির স্থান হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বামাগুমতিতে স্কুলশিক্ষার্থীদের হাতে ধরা পড়া বিরল প্রজাতির লজ্জাবতী বানরটির স্থান হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্কে।
গতকাল সোমবার মাটিরাঙ্গার ইউএনও বি এম মশিউর রহমান চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের কাছে বানরটি হস্তান্তর করেন।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বানরটিকে গাছের ডালে বসে থাকতে দেখে স্কুলশিক্ষার্থীরা। এরপর তারা বানরটি ধরে ফেলে। বিষয়টি জানার পর ইউএনও বানরটি নিজের হেফাজতে নিয়ে চট্টগ্রাম বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বানরটি হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল হারুন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. মোশাররফ হোসেন।