লজ্জায় আতঙ্কে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ
বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দুই বখাটে কয়েক মাস ধরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ওই দুই বখাটে গভীর রাতে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও মধ্যপাড়া গ্রামে গত ২১ জুন এ ঘটনা ঘটে। এতে লজ্জা ও আতঙ্কে ওই ছাত্রী দুই সপ্তাহ ধরে বিদ্যালয়ে যাচ্ছে না। ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর মা থানায় মামলা করেছেন। এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বীরগাঁও মধ্যপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (২২) ও বিল্লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৩) কয়েক মাস ধরে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ২১ জুন রাত ১১টায় দুই বখাটে ওই স্কুলছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। এলাকাবাসী জানায়, ওই ছাত্রীর বাবা অনেক আগেই মারা গেছেন। তাই তার মা প্রথমে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালানোর বিষয়টি গ্রামের সর্দারদের জানান। সর্দারেরা ২৬ জুন বীরগাঁও মধ্যপাড়া গ্রামের সামছুদ্দিন খানের বাড়িতে সালিস আয়োজন করে। এতে ওই গ্রামে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ওই দুই বখাটেকে ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়। উপযুক্ত বিচার না পেয়ে ওই ছাত্রীর মা গত ১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীনগর থানায় মামলা করেন। ওই ছাত্রীর মামা অভিযোগ করেন, দুই বখাটে মোজাম্মেল ও সাদ্দামের পরিবারের সদস্যরা তাঁর বোনকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। প্রধান শিক্ষক মো. নাজির হোসেন বলেন, ‘ওই রাতের ঘটনার পর থেকে দুই সপ্তাহ ধরে মেয়েটি স্কুলে আসছে না।’মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুবুল আলম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’