লজ্জায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের এক শিক্ষক যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ জুন বিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই ছাত্রী ভয় ও লজ্জায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।ছাত্রীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে শিক্ষকও বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার দক্ষিণ বাওচন্ডি খিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী একা গত ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামছিল। এ সময় এক সহকারী শিক্ষক সিঁড়িতেই ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। ওই ছাত্রী অভিযোগ করে বলে, ‘আমি আর স্কুলে যাব না। ওই স্যার খুব খারাপ। আমাকে দেখলেই কেমন কেমন করে। এ জন্য ক্লাসে সামনের বেঞ্চে আমি বসি না।’ এরপর ওই দিনের ঘটনার বর্ণনা করতে গিয়ে সে কেঁদে ফেলে। মেয়েটির মা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর থেকে আমার মেয়েটি আর স্কুলে যায় না। ঠিকমতো খায় না। শুধু কাঁদে। প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক আমাকে ও আমার স্বামীকে গত সোমবার বিদ্যালয়ে ডেকে ২০ হাজার টাকা নিয়ে ওই ঘটনার কথা আর কাউকে না বলার জন্য অনুরোধ করেন। আমরা তাতে রাজি না হয়ে শিক্ষকের শাস্তি দাবি করি এবং থানায় লিখিত অভিযোগ দিই।’ অভিযুক্ত শিক্ষক বলেন, ‘পুরো ঘটনা বানোয়াট ও ভিত্তিহীন। উদ্দেশ্যমূলকভাবে আমার চাকরির ক্ষতি করার জন্য এমনটা করা হচ্ছে। এ জন্য মেয়েটিকে শিখিয়ে দিয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। অসুস্থ থাকায় কয়েক দিন ধরে আমি স্কুলে যাচ্ছি না।’ প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘আমার কাছে ওই ঘটনা ভুয়া ও ভিত্তিহীন মনে হয়েছে। শুনেছি, গত ইউপি চেয়ারম্যান নির্বাচনে বিপরীত পক্ষে অবস্থান নেওয়ার কারণে ওই শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর মোহামঞ্চদ বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। সত্য প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’