লজ্জিত-বিস্মিত পটুয়াখালীর গাবুয়া গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুড়ঙ্গ খুঁড়ে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে সাড়ে ১৬ কোটি টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. হাবিব ওরফে সোহেলের নিজ গ্রামবাসী লজ্জিত ও বিস্মিত। টাকাসহ গ্রেপ্তারের পর হাবিবের ছবি সংবাদমাধ্যমে প্রচারের পর লজ্জায় ডুবছেন তাঁরা। হাবিবের প্রতি জানাচ্ছেন ঘৃণা-ধিক্কার।
টাকা লুটের ঘটনায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গ্রাবুয়া গ্রামবাসীর মধ্যে অন্য আর সবার মতোই সৃষ্টি হয়েছে চাঞ্চল্যও। গ্রেপ্তার হওয়া হাবিবের ছবি গত মঙ্গলবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেই গ্রামবাসী নিশ্চিত হন, তিনিই গ্রামের ইউসুফ মুন্সী (৩৮)। এ ছাড়া ইদ্রিস নামের যে আরেকজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে, তিনি ইউসুফের ছোট ভাই ইদ্রিস মুন্সী (৩০)।
গত বুধবার দুপুরে সরেজমিনে গাবুয়া গ্রামে গেলে সবার মুখে শুধু এই দুই ভাইয়ের টাকা চুরির ঘটনাই শোনা যায়। কয়েকজনকে জিজ্ঞাসা করতেই ইউসুফদের বাড়ি চিনিয়ে দিলেন তাঁরা।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইউসুফের বাবা সেরাজ মুন্সী ওরফে সেরু মুন্সী ২৫ বছর আগে মারা যান। সেরাজ মুন্সী তিন বিয়ে করেন। ছোট স্ত্রী সুফিয়া বেগমের (৭০) তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে ইউসুফ বড়। পাঁচ বছর আগে ছোট ছেলে ইব্রাহিম মারা যান। তিন মেয়ে বিয়ের পর অন্যত্র থাকেন। স্বামী মারা যাওয়ার পর সুফিয়া বেগম সন্তানদের নিয়ে ঢাকায় চলে যান।
পারিবারিক সূত্র জানায়, অক্ষরজ্ঞানসম্পন্ন ইউসুফ ১৩ বছর আগে নিজ গ্রামের পাশের পাঙ্গাশিয়া গ্রামে বিয়ে করেন। তাঁর দুই সন্তান ও স্ত্রী গ্রামে থাকেন। ২০০৯ সালে ইউসুফ সর্বশেষ গ্রামের বাড়িতে যান। গিয়ে ঘর তুলে মাকে সেখানে রেখে চলে যান। এর পর থেকে ইউসুফের আর কোনো খোঁজ পাননি স্বজনসহ গ্রামবাসী।
সুফিয়া বেগম জানান, তাঁর ছেলে কিশোরগঞ্জে আরেকটি বিয়ে করেছেন বলে শুনেছেন। এ ছাড়া তাঁরা সবাই জানতেন, ইউসুফ বিদেশে রয়েছেন। আরেক ছেলে ইদ্রিস ঢাকার শ্যামপুরে একটি কারখানায় কাজ করেন। মাঝেমধ্যে গ্রামের বাড়ি এসে তাঁকে খরচের টাকা দিয়ে যান।
গ্রামবাসীর অনেকে ইউসুফকে ধূর্ত-প্রকৃতির বলে মন্তব্য করেন। ইউসুফদের বাড়ির প্রতিবেশী মো. নাসির মৃধা, মজিবর মাস্টার, ছত্তার সিকদার বলেন, স্থানীয় বাজারে টিভিতে ব্যাংকের টাকা চুরির খবরটি তাঁরা প্রথম জানতে পারেন। পরে মঙ্গলবার টাকা উদ্ধারের খবর ও ইউসুফকে গ্রেপ্তার হওয়ার ছবি দেখে সবাই বিস্মিত হন।
বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) অফিস সহকারী আবু বকর খান বলেন, ‘টিভি ও পত্রিকায় ছবি দেখে নিশ্চিত হই, ওরা এই গ্রামেরই ছেলে এবং আপন দুই ভাই ইউসুফ ও ইদ্রিস। আসলে গ্রামের সবাই জানে, ইউসুফ বিদেশে আছে। কিন্তু ওরা যে কাজটি করেছে, তা আমাদের জন্য লজ্জাজনক।’
বদরপুরের পূর্ব হকতুল্লাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম বলেন, ‘এলাকার জন্য ছেলেরা বয়ে নিয়ে আসে সুনাম। কিন্তু ওরা আমাদের জন্য বয়ে নিয়ে এল কলঙ্ক। অনেকেই ফোন করে ওদের সম্পর্কে জানতে চাইছে। আসলে ওদের কৃতকর্মের জন্য আমরা গ্রামবাসী লজ্জিত ও বিস্মিত।’
এদিকে ইউসুফের মা বলেন, তাঁর ছেলে চুরি করেছেন, সে বিচার তো হবেই। সেই সঙ্গে এত বড় কাজ তাঁর ছেলে একা করতে পারেন না। যাঁরাই এর সঙ্গে জড়িত, তাঁদের যেন বিচার করা হয়।