লঞ্চ অনুসন্ধানে আশার খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের অনুসন্ধান তৎপরতার পরও ডুবে যাওয়া লঞ্চের খোঁজে ইতিবাচক কোনো খবর জানাতে পারেননি অনুসন্ধানসংশ্লিষ্ট ব্যক্তিরা। পিনাক-৬-এর আদৌ খোঁজ পাওয়া যাবে কি না, তা নিয়েই এখন সন্দেহ দানা বাঁধছে। এর পরও চলছে অনুসন্ধানকাজ। নতুনভাবে গতকাল শুক্রবার সকালে অনুসন্ধান বহরে যোগ হয়েছে চট্টগ্রাম থেকে আসা দেশের সর্বাধুনিক অনুসন্ধান জাহাজ ‘জরিপ-১০’।
উদ্ধারকাজে নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জরিপ-১০ ও কান্ডারি-২—এই দুটি জাহাজ মাটির নিচে ১৮ থেকে ৭০ ফুট পর্যন্ত শনাক্ত করতে পারে। এই দুটি আধুনিক জাহাজ দিয়ে মাওয়া ঘাট থেকে এক কিলোমিটার দূরের স্থলের ১০ কিলোমিটার ভাটিতে ও পাঁচ কিলোমিটার প্রস্থে প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান করা হয়।
অনুসন্ধানকাজে নিযুক্ত নৌবাহিনী অংশের সার্বিক তদারকির দায়িত্বে থাকা ক্যাপ্টেন নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজকে এই মাত্র (গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায়) ৫০ কিলোমিটার অনুসন্ধানকাজ শেষ হয়েছে। এর মধ্যে কোথাও লঞ্চটির সন্ধান পাওয়া যায়নি। এখন আবার এলাকা বৃদ্ধি করা হয়েছে। নদীর মাঝখান দিয়ে ভাটির দিকে ১৫ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত তল্লাশি করা হবে। এভাবে আরও কয়েক দিন করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রথম ধাপের অনুসন্ধান শেষ হলে গতকাল শুক্রবার বিকেলে মাওয়া ঘাটের অদূরে পদ্মা রেস্টহাউসে অনুসন্ধানসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, অনুসন্ধানসংশ্লিষ্টরা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাবেন। সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি মন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমান অনুসন্ধানে যে প্রযুক্তি ব্যবহার হয়েছে, পিনাক-৬ উদ্ধারের জন্যও সেই প্রযুক্তি দিয়ে কাজ চলছে। আশা করি, ইতিবাচক ফল পাব।’
নৌমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১০৯ জন। মৃতদেহ শনাক্ত করে হস্তান্তর করা হয়েছে ২৩টি। পরিচয় না পাওয়া ১৫টি মৃতদেহের ১২টি দাফন করা হয়েছে। পরিচয়হীন আরও তিনটি মৃতদেহ নিয়ন্ত্রণকক্ষে এসে পৌঁছায়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি—যেখানে যে চিকিৎসা দরকার, সেখানে তা-ই দিচ্ছি। তার পরও কোনো খোঁজ মিলছে না লঞ্চটির। নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর ও বিআইডব্লিউটিএর অভিজ্ঞ অনুসন্ধানকারীরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো মোট পাঁচটি জাহাজ অনুসন্ধানকাজে লিপ্ত আছে।’
৪০ লাশ উদ্ধার: পুলিশ নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত নিখোঁজ ১৬৪ জনের মধ্যে বিভিন্ন জেলা থেকে ৪০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এদের মধ্যে শিশু ১২, পুরুষ ১২, নারী ১৬। এদের মধ্যে ২৩ জনের পরিচয় মেলায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১২ জনের লাশের পরিচয় না মেলায় তাদের গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। পরিচয় না পাওয়া আরও তিনটি লাশ পাঁচ্চর স্কুলে আছে।