লঞ্চ উদ্ধার হয়নি, সন্ধান নেই নিখোঁজদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর ঘাটে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন একটি লঞ্চের ক্যানটিনের কর্মী লিটন শেখ। তাঁর স্ত্রী–সন্তানেরা গতকাল লঞ্চঘাটে বিলাপ করেন l প্রথম আলো
শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর ঘাটে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন একটি লঞ্চের ক্যানটিনের কর্মী লিটন শেখ। তাঁর স্ত্রী–সন্তানেরা গতকাল লঞ্চঘাটে বিলাপ করেন l প্রথম আলো

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে গত সোমবার ভোরে ডুবে যাওয়া লঞ্চ তিনটি গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। ওই ঘটনায় নিখোঁজ ১৬ জনেরও খোঁজ মেলেনি। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতে উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।

লঞ্চ উদ্ধার ও নিখোঁজ লোকজনের সন্ধানে নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিসের ঢাকা, ফরিদপুর ও শরীয়তপুরের তিনটি ইউনিট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি ডুবুরি দল পদ্মা নদীর দুর্ঘটনাস্থল ও আশপাশে অবস্থান করলেও উদ্ধার অভিযান চালাতে পারছে না। উদ্ধারকারী যান ‘প্রত্যয়’ ওয়াপদা লঞ্চঘাটে নোঙর করে রাখা হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা গতকালও সারা দিন ওয়াপদা, সুরেশ্বর ও দুলারচর এলাকায় অপেক্ষা করেন। সকাল থেকে স্বামীর সন্ধান পেতে দুই শিশুসন্তান নিয়ে সুরেশ্বর লঞ্চঘাটে অপেক্ষা করছিলেন সুরেশ্বর গ্রামের ফাতেমা বেগম। সন্তানদের কোলে নিয়ে বিলাপ করছিলেন তিনি। তাঁর স্বামী লিটন শেখ ডুবে যাওয়া লঞ্চ মৌচাক-২-এর ক্যানটিনের কর্মী ছিলেন। দুর্ঘটনার সময় লঞ্চে ঘুমিয়ে ছিলেন তিনি।

ফাতেমা বলেন, ‘ঈদের মধ্যে তিনি (স্বামী) বাড়িতে যেতে পারেননি। যাত্রী আসা-যাওয়া কমে গেলে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল। এখন সবাইকে ফাঁকি দিয়ে কোথায় হারিয়ে গেলেন। দুটি শিশুসন্তান নিয়ে আমি এখন কোথায় গিয়ে দাঁড়াব?’

উদ্ধার অভিযানে নিয়োজিত নৌবাহিনীর কর্মকর্তা কাওসারুল ইসলাম বলেন, ‘ডুবে যাওয়া মৌচাক লঞ্চটি ভেদরগঞ্জ উপজেলার দুলারচর এলাকায় বালুতে আটকে আছে। সেটি শনাক্ত করে তাতে একটি বয়া বেঁধে দেওয়া হয়েছে। স্রোতের কারণে ডুবুরিরা লঞ্চের সঙ্গে উদ্ধারকারী যান প্রত্যয়কে নোঙর করতে পারেননি। দুপুরে প্রত্যয় নিয়ে আমরা অন্য দুটি লঞ্চ খোঁজার জন্য ওয়াপদা লঞ্চঘাটে চলে এসেছি। স্রোতে সেখানেও কাজ করা যাচ্ছে না।’

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, উদ্ধারকারী যান প্রত্যয় সোমবার বিকেল থেকেই পদ্মা নদীতে অবস্থান করছে। তখন স্রোতের কারণে অভিযান চালানো যায়নি। গতকাল সকালে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করলেও¯স্রোতের কারণে তাঁরা নদীতে নামতে পারছেন না।

এদিকে সুরেশ্বর এলাকায় পদ্মা নদী থেকে সজল পাল (২৫) নামের এক যুবকের লাশ গতকাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাঁর পকেটে থাকা মুঠোফোন নম্বর দেখে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জেনেছে, তিনি খুলনার রূপসার পিটাভোগ পালপাড়া এলাকার শ্রীকান্ত পালের ছেলে। সজল দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রী কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। সজলের নাম লঞ্চডুবিতে নিখোঁজ ব্যক্তিদের তালিকায়ও নেই।

সোমবার পদ্মা নদীর ভাঙনের কারণে ওয়াপদা লঞ্চঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। পন্টুনে নোঙর করে রাখা তিনটি লঞ্চ সে সময় স্রোতে ডুবে যায়। ডুবে যাওয়া মৌচাক লঞ্চটি ওই ঘাট থেকে ঢাকায়, নড়িয়া-২ ও মহানগর লঞ্চটি নারায়ণগঞ্জে চলাচল করত।