লঞ্চ ও বাসে আগুন শ্রমিক গুরুতর দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফায় ডাকা ৭২ ঘণ্টার অবরোধ গতকাল শনিবার শুরু হয়েছে। কিন্তু শুক্রবার রাতেই সাধারণ মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া ও পুরান ঢাকায় অবরোধকারীদের দেওয়া আগুনে দুজন দগ্ধ হয়েছেন।

গতকাল সারা দেশে অবরোধকারীদের হাতে কেউ নিহত না হলেও দ্বিতীয় দফার অবরোধে গত সোমবার সাভারে ককটেল হামলায় আহত একজন শুক্রবার গভীর রাতে মারা গেছেন। এ নিয়ে প্রধান বিরোধী দলের ভাষায় একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা অবরোধে মোট ৫৫ জন প্রাণ হারালেন। এর অধিকাংশই সাধারণ মানুষ।

গতকাল অবরোধ শুরুর আগে ভোররাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে দুটি লঞ্চে আগুন দেওয়া হয় ও দুটি ভাঙচুর করা হয়। একই জায়গায় আগুন দেওয়া হয়েছে তিনটি বাসে। এতে একটি বাসে কাজ শেষে ঘুমিয়ে থাকা ক্লান্ত শ্রমিক আলমগীর হোসেন (চালকের সহকারী) গুরুতর দগ্ধ হন। ভাঙচুর করা হয়েছে আরেকটি বাস।

একই রাত পৌনে আটটায় জাহানারা বেগম নামে একজন নারীর হাত-পিঠসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় অবরোধকারীদের দেওয়া আগুনে। পুরান ঢাকার শ্যামপুরের ওয়াসা রোডে মেয়ের বাসা থেকে ইজিবাইকে নিজ বাসায় ফেরার পথে কদমতলী থানার লাল মসজিদসংলগ্ন অটবি কারখানার সামনে কয়েকজন যুবক তাঁকে বহনকারী গাড়িতে আগুন দেয়। তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে আগুন দেওয়া হয়েছে একটি যাত্রীবাহী বাসে।

নোয়াখালীতে অবরোধ চলাকালে গতকালও পত্রিকার গাড়িতে হামলা হয়েছে। যশোরে বিজিবির একজন আঞ্চলিক কমান্ডারের গাড়িতে হামলা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর, আগুন, সড়ক অবরোধ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে।

আরেকজনের প্রাণহানি: ঢাকার সাভারে ককটেল হামলায় আহত রতন সরকার শুক্রবার রাত একটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রাণ হারিয়েছেন। তিনি সাভারের বাইপাইলের এজিস টেক্সটাইলের ব্যবস্থাপক।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা জানান, দ্বিতীয় দফার অবরোধের তৃতীয় দিন সোমবার রাত আটটায় সাভারের ফুলবাড়িয়া এলাকায় যাত্রাবাহী বাসে ককটেল নিক্ষেপ করা হলে ওই বাসে থাকা রতনের মাথায় তা বিস্ফোরিত হয়। অচেতন অবস্থায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানেই মারা যান তিনি। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগরের বানিয়ারচরে।

আগুন: মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে নোঙর করা এমভি রাজীব-২ ও এমভি মাসুম লঞ্চে গতকাল গভীর রাত সাড়ে তিনটার দিকে আগুন দেওয়া হয়েছে। মাসুম-১-এর লঞ্চে সারেং সুরুজ মিয়া ও লস্কর সাইফুল জানান, তাঁরা লঞ্চের কেবিনে ঘুমিয়ে ছিলেন। সাত-আটজন লোক লাঠিসোঁটা নিয়ে রাত সাড়ে তিনটার সময় লঞ্চে হামলা করে ইঞ্জিনরুমে গিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এরপর তাদের চিৎকারে আশপাশের লঞ্চের শ্রমিকেরা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন।

প্রায় একই সময়ে মাওয়া ঘাটে থাকা গাংচিল পরিবহনের একটি ও গ্রেট বিক্রমপুর পরিবহনের দুটি বাস পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় গ্রেট বিক্রমপুর পরিবহনের বাসে ঘুমিয়ে থাকা চালকের সহকারী আলমগীর হোসেন (২৫) দগ্ধ হন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামে। তাঁকেও গতকাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

খুলনা থেকে যশোরে আসার পথে রূপদিয়া এলাকায় পৌঁছালে অবরোধকারীরা যশোরে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমানের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। এ সময় বিজিবির জওয়ানেরা লাঠিপেটা করলে অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিজিবির জওয়ানেরা কয়েকটি ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজারের ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ১৮৪ নম্বর রেলসেতু এলাকায় গতকাল রেললাইনের ফিশপ্লেট খুলে রাখে দুর্বৃত্তরা। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। মোহনগঞ্জ-নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথে সদর উপজেলার বাহিরচাপড়ায় শুক্রবার গভীর রাতে রেললাইন তুলে ফেলায় প্রায় ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

জামালপুরের সরিষাবাড়ীতে অবরোধ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। অবরোধকারীরা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। সিরাজগঞ্জে পেট্রলবোমাসহ সিরাজউদ্দিন নামে জামায়াতের এক কর্মীকে আটক করে জনতা পুলিশের কাছে সোপর্দ করে।

নোয়াখালীতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অবরোধকারীরা সংবাদপত্রের গাড়িতে হামলা-ভাঙচুর চালান এবং চালক কবির হোসেন ও সুপারভাইজার হাবিবকে মারধর করেন। স্থানীয় সাংবাদিক ও সংবাদপত্র পরিবেশক জাকির হোসেন ভূঁইয়া দীঘি এলাকায় গিয়ে আটকা পড়া সংবাদপত্রের গাড়িটি উদ্ধার করতে গেলে তাঁর ব্যবহূত মোটরসাইকেলটিও ভাঙচুরের চেষ্টা করা হয়।

অবরোধের আগের দিন শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মো. মানিক ওরফে বোমা মানিক নামে এক যুবক আহত হন।

গতকাল বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমানের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁ, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রাজধানীতে সকাল সাতটার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের পেছনের একটি গলিতে জামায়াতের ১০-১২ জন কর্মী ব্যানার নিয়ে মিছিল বের করেন। তাঁরা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণে ঘটান। ঘটনাস্থল থেকে জামায়াতের চার কর্মীকে আটক করে পুলিশ।

সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার ইসলামপুরে পুলিশের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। এ ছাড়া গাবতলী, আজিমপুর বাসস্ট্যান্ড, শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটান। শাহজাহানপুরে যানবাহন ভাঙচুর ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়।

বেলা ১১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় বাজারের সামনে অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দুজন পথচারী আবদুল মাজেদ ও তাঁর ছেলে মাহির আহমেদ রাবার বুলেট বিদ্ধ হন।

বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া নগরীতে যান চলাচল স্বাভাবিক ছিল। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা গেলেও গণপরিবহন ছিল প্রায় স্বাভাবিক। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় দেখা গেছে। তবে মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।