দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল সোমবার স্বল্প সময়ের জন্য লঞ্চ চালু করা হয়। কিন্তু আবহাওয়া খারাপ হলে আবারও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, বরগুনায় ছোট ছোট নৌযান চলাচল রোববার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ জানান, খারাপ আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত রোববার বেলা তিনটা থেকে ছোট ও বিকেল সাড়ে চারটা থেকে বড় লঞ্চগুলো বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল সাতটার দিকে শুধু বড় লঞ্চে যাত্রী পারাপার করা হয়। দুপুর ১২টা থেকে নদী আরও উত্তাল হয়ে উঠলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব লঞ্চে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। ঘাটে আসা যাত্রীদের ফেরিতে নদী পারের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তীব্র বাতাসে ঘাটে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর চাপ বেড়েছে। মাঝেমধ্যে তীব্র বাতাসের কারণে ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে। তাই ফেরি পারাপারে আগের থেকে অনেক বেশি সময় লাগছে।
গত রোববার বেলা ১১টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের সব ঘাট থেকে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ করা হয়। গতকাল সকালে দুই ঘণ্টা লঞ্চ চলাচল করলেও তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, পদ্মা নদী বেশ উত্তাল। তাই লঞ্চ, সি-বোট ও ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে। এখন রো রো ফেরিতে করে যাত্রী পারাপার করা হচ্ছে।
এদিকে, মৌসুমি নিম্নচাপের প্রভাবে গত রোববার সন্ধ্যা ছয়টা থেকে বরগুনার সঙ্গে বিভিন্ন নৌপথে ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বরগুনা নৌবন্দরের কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, গতকাল সকাল থেকে বরগুনায় থেমে থেমে ঝোড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ছোট ছোট লঞ্চ চলাচল করছে না এবং বিভিন্ন নদীতে খেয়া পারাপারও বন্ধ রাখতে বলা হয়েছে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকে নিরাপদে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু ট্রলার উপকূলের বিভিন্ন বন্দরে এসেছে। তবে এখনো অনেক ট্রলার নিরাপদ সীমানায় আসেনি।