লঞ্চ চলাচলে রোটেশন প্রথা বাতিলের দাবি

পটুয়াখালী-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে রোটেশন প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার পটুয়াখালী লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
রোটেশন পদ্ধতিতে মালিকেরা বেশি লাভের আশায় কমসংখ্যক লঞ্চে যাত্রী পরিবহন করেন। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
পটুয়াখালী নদীবন্দর কার্যালয় সূত্র ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পটুয়াখালী-ঢাকা-পটুয়াখালী নৌপথে সরাসরি আটটি লঞ্চ ও দুটি লোকাল লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। অর্থাৎ প্রতিদিন পাঁচটি লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে এবং পাঁচটি লঞ্চ পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ঈদুল আজহার কিছুদিন পর থেকে প্রতিদিন দুটি করে মোট চারটি লঞ্চ পটুয়াখালী-ঢাকা-পটুয়াখালী চলাচল করছে। লঞ্চমালিকেরা বেশি লাভের আশায় সমঝোতা করে ভাগে ভাগে কমসংখ্যক লঞ্চ ছাড়ছেন। যাত্রীদের বাধ্য হয়ে দুটি লঞ্চে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এদিকে পটুয়াখালীর ভুক্তভোগী যাত্রীসাধারণের ব্যানারে গতকাল সকালে লঞ্চ চলাচলে রোটেশন প্রথা বাতিলের দাবিতে লঞ্চ টার্মিনাল এলাকায় মানববন্ধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আবদুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, ওয়েজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিজামুল হক, আইনজীবী তৌফিক মুন্না, রাকিব আহসান প্রমুখ।
বক্তারা বলেন, পটুয়াখালীর মানুষ ঢাকায় যাতায়াত করতে লঞ্চের ওপর বেশি নির্ভরশীল। এ ছাড়া এই জেলায় পর্যটনকেন্দ্র কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর আছে। এ কারণে দিন দিন যাত্রীর সংখ্যা বাড়ছে। কিন্তু লঞ্চের সংখ্যা তেমন বাড়েনি। এরপর আবার কতিপয় ব্যবসায়ী বেশি মুনাফার আশায় লঞ্চের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এতে যাত্রী দুর্ভোগের পাশাপাশি নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পটুয়াখালী বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, পটুয়াখালী-ঢাকা নৌপথে বিআইডব্লিউটিএর সহায়তায় লঞ্চ মালিক সমিতি রোটেশনের নামে যাত্রী ও ব্যবসায়ীদের জিম্মি করে হয়রানি করছে। ঈদের সময় লঞ্চমালিকেরা রোটেশন ব্যবস্থা বাতিল করেন। কিন্তু কয়েক দিন পর আবার তাঁরা রোটেশনে ফিরে যান। এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত।
লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি সাহাব উদ্দিন বলেন, যাত্রীসংখ্যা কমে যাওয়ায় লোকসান হচ্ছিল। তবে বর্তমানে যাত্রীর সংখ্যা বেড়েছে। তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং যাত্রীরা যাতে দুর্ভোগে না পড়েন, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।