পটুয়াখালী-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে রোটেশন প্রথা বাতিলের দাবিতে সময় বেঁধে দিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে পটুয়াখালী শিল্প ও বণিক সমিতির এক মতবিনিময় সভায় এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ১৫ জানুয়ারির মধ্যে রোটেশেন ব্যবস্থা বাতিল করা না হলে পরদিন থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ জানুয়ারি বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় অবস্থান ধর্মঘট ও সমাবেশ। ২০ জানুয়ারি থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাট অবরোধ। পটুয়াখালী বণিক সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি শফিকুর রহমান চানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এফবিসিসিআইর পরিচালক ও পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি মো. গোলাম মোস্তফা তালুকদার, জেলা গণফোরাম সভাপতি আবদুল আজিজ, সমাজসেবক আবুল হোসেন আবু মিয়া, সমিতির সাবেক সভাপতি ফজলে আলী খান, পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওহায়িদ সরোয়ার কালাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৃধা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজল বরণ দাস, জেলা যুবলীগের সভাপতি আহসান হাবিব খান, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাফরউল্লাহ, জেলা ইউনিয়ন পরিষদ সমিতির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, পটুয়াখালী-ঢাকা নৌপথে দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটির সহায়তায় লঞ্চ মালিক সমিতি রোটেশনের নামে যাত্রী ও ব্যবসায়ীদের জিম্মি করে হয়রানি করছে। ঈদের সময় লঞ্চ মালিকেরা রোটেশন ব্যবস্থা বাতিল করেন। কিন্তু কয়েক দিন পর আবার তাঁরা রোটেশনে ফিরে যান। এ নিয়ে একাধিকবার এলাকার লোকজন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও লঞ্চ মালিকেরা অধিক মুনাফার লোভে রোটেশন বাতিল করছেন না। পটুয়াখালী-ঢাকা নৌপথে চারটি করে মোট আটটি লঞ্চ সরাসরি ও দুটি লঞ্চের লোকাল চলাচলের অনুমতি রয়েছে। অর্থাৎ প্রতিদিন পাঁচটি লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে এবং পাঁচটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু বর্তমানে পটুয়াখালীর উদ্দেশে সরাসরি দুটি ও একটি লোকাল লঞ্চসহ মোট তিনটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসে এবং ওই তিনটি লঞ্চ পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এভাবে পাঁচটি লঞ্চের যাত্রীদের বাধ্য হয়ে তিনটি লঞ্চে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।