লঞ্চ টার্মিনাল থেকেই দুর্ভোগের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে গতকাল দুপুরে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায় আব-এ জমজম নামের লঞ্চটি। ছাদে যাত্রী বহন করায় নৌপুলিশ (স্পিডবোটে) লঞ্চটিকে মাঝনদীতে থামতে বাধ্য করে। এ সময় ছাদে থাকা যাত্রীরা পুলিশের উপস্থিতিতে লঞ্চের ভেতরে প্রবেশ করে। পরে ঘাটে লঞ্চটির মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত l ছবি: আলম পলাশ
ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে গতকাল দুপুরে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায় আব-এ জমজম নামের লঞ্চটি। ছাদে যাত্রী বহন করায় নৌপুলিশ (স্পিডবোটে) লঞ্চটিকে মাঝনদীতে থামতে বাধ্য করে। এ সময় ছাদে থাকা যাত্রীরা পুলিশের উপস্থিতিতে লঞ্চের ভেতরে প্রবেশ করে। পরে ঘাটে লঞ্চটির মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত l ছবি: আলম পলাশ

বরিশাল নৌবন্দর টার্মিনালের জনস্রোত এড়িয়ে শেষ পর্যন্ত লঞ্চের নাগাল পাননি টিকিট কাটা যাত্রীদের অনেকেই। কোনো রকমে লঞ্চে ওঠার সৌভাগ্য হয়েছিল যাঁদের, ভেতরে আর নড়তে-চড়তে পারেননি তাঁরা। ধারণ ক্ষমতার দুই-তিন গুণ বেশি যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে টার্মিনাল ছেড়ে যায় অধিকাংশ লঞ্চ। গত শুক্র ও গতকাল শনিবার বরিশাল নৌবন্দরের চিত্র ছিল এমনই।
ঢাকার সদরঘাট টার্মিনালে এসে লঞ্চ থেকে নামার পরও ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। মালপত্র বহনে কুলিদের অস্বাভাবিক ভাড়া দাবি তো ছিলই। যানবাহন স্বল্পতার বিষয়টিও ভুগিয়েছে যাত্রীদের। কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে প্রয়োজনীয় বাহন না পেয়ে টার্মিনালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক যাত্রীকে।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৪১টি রুট থেকে লঞ্চ এসেছে ৯৩টি। প্রতিটি লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।
বরিশাল-ঢাকা পথে চলাচল করা লঞ্চগুলোর সার্ভে সনদ অনুযায়ী সুরভী-৭-এর ধারণক্ষমতা এক হাজার ২০৫ জন। একই ধারণক্ষমতা কীর্তনখোলা-২-এর। পারাবত ১১-এর যাত্রী পরিবহনক্ষমতা এক হাজার ২৫ জন, সুন্দরবনের আট শ থেকে এক হাজার ২০ জন। অন্য লঞ্চের ধারণক্ষমতা গড়ে সাড়ে সাত শ থেকে নয় শ জনের। কিন্তু প্রতিটি লঞ্চই গত দুই দিন তিন সাড়ে তিন হাজার যাত্রী পরিবহন করেছে বলে অভিযোগ উঠেছে।
ভোলার লালমোহন থেকে কোকো লঞ্চযোগে গতকাল সকাল সাড়ে ছয়টায় সদরঘাট টার্মিনালে পৌঁছান নিজাম উদ্দিন। তিনি যাবেন গাজীপুর। সকাল নয়টায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘তিন ঘণ্টা ধরে পরিবার-পরিজন নিয়ে বসে আছি।’
এদিকে ছাদে যাত্রী পরিবহনের দায়ে চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চ আব-এ–জম জমের মালিককে গতকাল দুপুরে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই দুপুর ১২টায় লঞ্চটি চাঁদপুর ঘাট ছেড়ে যায়। চাঁদপুর ঘাট ছেড়ে যাওয়ার পরপরই নৌপুলিশ লঞ্চটিকে নদীর মধ্যে থামায়।
চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) মনির আহমেদ বলেন, ছাদে যাত্রী পরিবহনের দায়ে আবে জমজম লঞ্চের মালিককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সঞ্জয় কুমার ১০ হাজার টাকা জরিমানা করেছেন।