লঞ্চ টার্মিনালে পৌঁছতেই ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষ নদীপথে ঘরে ফিরতে শুরু করেছে। গতকাল সোমবার সকাল থেকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। নদীপথে যাত্রীদের চলাচলের সুবিধার্থে পুরান ঢাকার চিত্তরঞ্জন অ্যাভিনিউ সড়ক এলাকা থেকে ওয়াইজঘাট এলাকা পর্যন্ত একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হলেও যানজট লেগেই থাকছে। লঞ্চে পৌঁছার আগেই এক দফা ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।বরিশালগামী কীর্ত্তনখোলা-২ লঞ্চের যাত্রী আসলাম মিয়া বলেন, ‘আমাদের লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। যানজট এড়ানোর জন্য দুপুর ১২টার দিকে মুগদা থেকে আমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চলে এসেছি।’ পটুয়াখালীগামী সৈকত-১ লঞ্চের যাত্রী মিজানুর রহমান বলেন, ‘লঞ্চ ছাড়বে সাড়ে ছয়টায়। ডেকে জায়গা নেওয়ার জন্য বেলা দুইটায় মিরপুর থেকে এসেছি। পুরান ঢাকার যানজটের কারণে বংশাল মোড় থেকে সদরঘাট আসতে ঘণ্টা খানেক সময় লেগেছে।’ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল সন্ধ্যায় মাদারীপুরগামী তরিকা-২, ভান্ডারিয়াগামী আল ওয়ালিদ, চর ফ্যাশনগামী টিপু-৪, কালাইয়াগামী স্বর্ণদ্বীপ প্লাস, ভোলাগামী এমভি লালীসহ বেশ কয়েকটি লঞ্চ ছাদে যাত্রী বোঝাই করে বন্দর ত্যাগ করে। বিআইডব্লিউটিসির রকেট স্টিমার পিএস মাহসুদ মোড়লগঞ্জ ও শেলা বরিশালের উদ্দেশে সন্ধ্যায় ছেড়ে গেছে। নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক বলেন, ঢাকা বন্দর থেকে প্রতিদিন ৫৫-৬০টি লঞ্চ চলাচল করে থাকে। ঈদ উপলক্ষে আজ থেকে আরও সাতটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো অবস্থায়ই লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। যেসব লঞ্চ আইন অমান্য করে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করবে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সদস্য ও ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ভুইয়া বলেন, দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীর উপস্থিতি স্বাভাবিক রয়েছে। দু-একদিনের মধ্যে যাত্রী বাড়তে পারে। মূলত টার্মিনালের যাত্রীর উপস্থিতির ওপর নির্ভর করে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে।ডিএমপি লালবাগ জোনের এডিসি মো. আবদুস সালাম বলেন, নদীপথে যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য সদর ঘাট টার্মিনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সপ্তাহ খানেক আগে থেকে কাজ শুরু করেছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে ছয় প্লাটুন পুলিশ এবং সাদা পোশাকের পুলিশও।তিনি আরও বলেন, যনজট নিরসনের জন্য সদরঘাট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও ওয়াইজঘাট এলাকায় ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে। ঈদের দুদিন পরও দায়িত্ব পালন করবে পুলিশ। প্রতিদিন পর্যায়ক্রমে তিনজন পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।