লঞ্চ থেকে গৃহবধূ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রাঙ্গাবালি রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি তরিকা-৭ থেকে কানিজ আকতার (১৯) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। কানিজের বাবা রাঙ্গাবালির বাহেরচর গ্রামের ফারুক বয়াতির অভিযোগ, লঞ্চের লোকজন তাঁর মেয়েকে গুম করে রেখেছে।লঞ্চের পরিদর্শক মো. রুমান জানান, কেবিন না পাওয়ায় কানিজ লঞ্চের কর্মচারীদের একটি কেবিন ভাড়া করেন। গন্তব্যস্থান গলাচিপার কোড়ালিয়া ঘাটে পৌঁছানোর আগেই তিনি কেবিনে তালা দিয়ে কোনো ঘাটে হয়তো নেমে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বাহেরচর গ্রামের কানিজ আকতার ঢাকায় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন। কিছুদিন আগে বাহেরচর বন্দরের মুদি ব্যবসায়ী মজিবর হাওলাদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি গত শনিবার বিকেলে এমভি তরিকা-৭ লঞ্চে ঢাকা থকে গ্রামের বাড়ি ফিরছিলেন। লঞ্চের যাত্রী কেবিন ভাড়া না পাওয়ায় তিনি একটি স্টাফ কেবিন ভাড়া নেন। তাঁর বাবা ফারুক বয়াতি জানান, রোববার সকালে তিনি মেয়েকে আনতে কোড়ালিয়া ঘাটে যান। কিন্তু লঞ্চে কানিজকে খুঁজে পাননি। একপর্যায়ে স্টাফ কেবিনের তালা ভেঙে কানিজের ব্যাগসহ জামাকাপড় পান। বিষয়টি তিনি রাঙ্গাবালি থানাকে জানিয়েছেন।রাঙ্গাবালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, লঞ্চে তল্লাশি করে এবং লঞ্চের কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, ঘটনাটি রাঙ্গাবালি থানা এলাকায় সংঘটিত হয়নি। তবু অভিযোগ ও সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।