লঞ্চ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-পটুয়াখালী ও ঢাকা-গলাচিপা নৌপথে চলাচলকারী লঞ্চগুলো থেকে সন্ত্রাসীরা জোর করে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।লঞ্চগুলো বগা ও পটুয়াখালী লঞ্চঘাট পৌঁছালে তাদের চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। এ কাজে ঘাটের ইজারাদারেরা তাঁদের সহযোগিতা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজি বন্ধ না করলে মালিকেরা ১ অক্টোবর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।এ বিষয়ে লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা ২০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের অনুলিপি পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী ও বগা লঞ্চ ঘাটে ভেড়ানোর পর ইজারাদারদের সহায়তায় একদল সন্ত্রাসী প্রতিটি লঞ্চ থেকে প্রতিদিন তিন হাজার টাকা চাঁদা আদায় করছে। এ ছাড়া ঘাটশ্রমিক ও ঘাট সুপারভাইজারদের সহায়তায় সকালে বহিরাগত সন্ত্রাসীরা প্রতিটি লঞ্চ থেকে টিকিট না-কাটা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে। পটুয়াখালী লঞ্চঘাটের ইজারাদার জয়নাল আবেদিন চাঁদাবাজদের সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করেছেন। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি লঞ্চমালিকদের সংগঠনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছেন।জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, লঞ্চঘাটে চাঁদাবাজি বন্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।