লঞ্চ থেকে পড়ে মা-মেয়ে নিখোঁজ
চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে পরীবানু (৩০) নামে এক গৃহিণী ও তাঁর মেয়ে নাজিয়াত (৯) নিখোঁজ রয়েছে। গত রোববার রাতে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ থেকে দুজন নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও লঞ্চের কর্মচারীরা বলেন, পরীবানু তাঁর দুই মেয়ে নাজিয়াত ও নুসরাতকে (৭) নিয়ে ঢাকা থেকে বরগুনায় ননদের বাড়ি যাচ্ছিলেন। রোববার বিকেলে তারা ঢাকার সদরঘাট থেকে এমভি সম্রাট লঞ্চে ওঠে। রাত ১১টার দিকে চাঁদপুর ঘাট ছেড়ে আসার পর হাত-মুখ ধোয়ার জন্য পরীবানু নাজিয়াতকে নিয়ে নিচতলায় লঞ্চের পেছনে যান। এ সময় তিনি পা ফসকে নদীতে পড়ে যান। মাকে বাঁচাতে নাজিয়াতও পানিতে ঝাঁপ দেয়। পরে লঞ্চ থামিয়ে খোঁজাখুঁজি করলেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুপুরে লঞ্চটি বরগুনা ঘাটে পৌঁছানোর পর নুসরাতকে পুলিশ উদ্ধার করে।
এমভি সম্রাট লঞ্চের মাস্টার আবুল হোসেন গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, ঘটনার পর লঞ্চ থামিয়ে দুজনকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু পাওয়া যায়নি। ঘটনাস্থলে লঞ্চের কয়েকজন কর্মচারী রয়েছেন। তাঁরা মা-মেয়ের সন্ধান করছেন।
নুসরাত বলে, তার বাবার নাম আক্তার হোসেন। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে একটি চশমার দোকানে কাজ করেন। তার বড় ভাই আল-আমিন ঢাকার ধলপুর লিচুবাগান মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। বড় বোন নাজিয়াত ও সে ঢাকার সাউদুল কোরান মহিলা মাদ্রাসার ছাত্রী। তারা বরগুনায় ফুফুর বাড়ি বেড়াতে যাচ্ছিল। তবে ফুফুর বাড়ি বরগুনার কোন এলাকায় তা নির্দিষ্ট করে বলতে পারেনি সে।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বলেন, শিশুটি বিস্তারিত কিছু বলতে পারেনি। তবে তার দেওয়া ঠিকানা অনুযায়ী আত্মীয়স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।