লঞ্চ দুর্ঘটনা রোধে ব্যবস্থার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীরা লঞ্চ দুর্ঘটনা বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আজ মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটির কাছে প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীরা সাক্ষ্যে এ দাবি জানান। মাওয়া ঘাটে সাক্ষ্য গ্রহণ চলে। তদন্ত কমিটি আজ বেঁচে যাওয়া ১২ জন যাত্রী ও দুজন উদ্ধারকর্মী মোট ১৪ জনের সাক্ষ্য নেয়।


তদন্ত কমিটির প্রধান মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের বর্তমান যুগ্ম সচিব নূর-উর-রহমান। সাক্ষ্য গ্রহণ শেষে নূর-উর-রহমান প্রথম আলোকে বলেন, ‘বেঁচে যাওয়া যাত্রীরা যারা সাক্ষ্য দিয়েছেন তাঁরা বলেছেন, অতিরিক্ত যাত্রীর কারণেই লঞ্চ ডুবেছে। তাঁরা তাঁদের স্বজন হারানোর বেদনার কথা বলেছেন। তাঁরা বলেছেন, লঞ্চ ডুবে আর কারও যেন প্রাণহানি না ঘটে। আমরা তাদের কথা শুনেছি। আরও অনেকের সঙ্গে কথা বলব।’


এর আগেও তো তদন্ত কমিটি হয়েছে, সুপারিশ হয়েছে, কিন্তু লঞ্চ দুর্ঘটনা তো বন্ধ হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেদনে লঞ্চ দুর্ঘটনার কারণ, ব্যবস্থাপনা ও কারিগরি ত্রুটি, আমাদের সুপারিশ সবকিছুই তুলে ধরব। কারণ আমরাও আর কারও কান্না শুনতে চাই না।’


তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযান ও নৌ যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক গৌতম কুমার সরকার, সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার কে এম জসীমউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম সরকার, বিআইডব্লিইটিসির প্রধান প্রকৌশলী আবদুর রহিম তালুকদার ও বিআইডব্লিউটিএর সদস্য ফিরোজ আহমেদ।


আরও একজনের লাশ উদ্ধার

শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে লঞ্চডুবিতে নিহত আরও একজন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে মোট ৪৭টি লাশ উদ্ধার করা হলো। লঞ্চডুবিতে নিখোঁজ রয়েছে ৬০ জন।


গতকাল সোমবার লঞ্চ উদ্ধারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পিনাক-৬ ডুবে যাওয়ার আট দিন পর উদ্ধার অভিযান বন্ধ করা হয়। এত যাত্রী নিখোঁজ থাকা অবস্থায় উদ্ধারের কার্যক্রম স্থগিত করায় ক্ষুব্ধ স্বজনেরা।


৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে ডুবে যায় পিনাক-৬।