লঞ্চ দুর্ঘটনার জন্য নৌমন্ত্রীর পদত্যাগ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, মুন্সিগঞ্জে মেঘনা নদীতে এমভি শরীয়তপুর-১ লঞ্চ দুর্ঘটনার জন্য নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ করা উচিত। বারবার নৌ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি এবং নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে না পারার কারণে তাঁর পদত্যাগ করাই শ্রেয়।পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের তাজুল মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির উপদেষ্টা ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক অবৈধ নৌযান রোধে নদীবেষ্টিত এলাকাগুলোতে নৌ-থানা স্থাপনের প্রস্তাব করেন। তিনি বলেন, নৌ মন্ত্রণালয় বা সরকার যাত্রীনিরাপত্তা বা দুর্ঘটনার পর উদ্ধারের জন্য শক্তিশালী দল তৈরির পরিবর্তে ব্যস্ত থাকে অন্য কাজে। এ অবস্থায় নৌমন্ত্রীর পদে থেকে লাভ কী?সড়ক ও নৌ-দুর্ঘটনাসংক্রান্ত আইনবিশ্লেষক আইনজীবী সাদিয়া আরমান বলেন, এত বড় দুর্ঘটনার পর নৌমন্ত্রীর নিজের থেকেই সরে দাঁড়ানো উচিত ছিল। নৌ-দুর্ঘটনা প্রতিরোধসহ নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।কমিটির চেয়ারম্যান তুসার রেহমান বলেন, এর আগে এমভি কোকো-৪ ও এমভি বিপাশা দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পর নৌমন্ত্রী দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ও দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। তাই এ মুহূর্তে তাঁর পদত্যাগ করা উচিত।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গ্রিন ক্লাব অব বাংলাদেশের সভাপতি নুরুর রহমান, জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে, গ্রিন বেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসিম কাতাবী, ইনিশিয়েটিভ ফর পিসের নির্বাহী পরিচালক ইফমা হোসাইন, আইনজীবী এনামুল হক মোল্লা প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন লঞ্চ মালিক নেতা বদিউজ্জামান ও সাহাবুদ্দিন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম।