মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ১৫ মের লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা৷ তাঁরা অভিযোগ করেন, নদীতে নির্বিচারে বালু কাটায় গতিপথ পাল্টে গেছে৷ এ কারণে বারবার নৌ দুর্ঘটনা ঘটছে৷
গতকাল সোমবার মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই অভিযোগ করা হয়৷
সভার শুরুতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ বলেন, ‘কাঠপট্টি-তালতলা খাল নিয়ে প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকািশত হওয়ার পর থেকেই আমি খালটি খননের জন্য প্রতি সভায় বলে আসছি৷ আজও জানতে চাই, এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না৷’
সভায় সাংবাদিক মীর নাসির উদ্দিন বলেন, ‘সিমেন্ট কারখানাগুলো পরিবেশ দূষণ করছে৷ এ ব্যাপারে গত সভায়ও আলোচনা হয়েছে৷ কিন্তু কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা জানি না৷’
টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ সভায় কার্যতালিকায় যেসব বিষয় আসে, সেসব বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কার্যতালিকা থেকে বাদ না দেওয়ার অনুরোধ করেন৷
সভায় জেলায় বিআরটিসির বাস চলাচল ও মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ রেললাইন স্থাপনের দাবি জানানো হয়৷
সদস্যদের দাবির কথা শুনে সভায় আওয়ামী লীগদলীয় সাংসদ মৃণাল কান্তি দাস বলেন, ‘লঞ্চ দুর্ঘটনায় উদ্ধারকাজ আরও কম সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রত্যয়ের (উদ্ধারকারী জাহাজ) কর্মীদের আরও দক্ষ হতে হবে৷ তবেই আমাদের এত টাকা দিয়ে উদ্ধারকারী জাহাজ কেনা সার্থক হবে৷ আর বালু কাটার কারণে যদি নৌ দুর্ঘটনা ঘটে থাকে, তবে আমাদের এ নিয়ে ভাবতে হবে৷ এ ক্ষেত্রে যা যা করণীয়, আমরা সেটা করব৷’ সভায় সাংসদ তাৎক্ষণিকভাবে বিআরটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মুন্সিগঞ্জ-ঢাকা পথে বিআরটিসির ৪০টি বাস প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন৷
ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সভায় বলেন, লঞ্চ দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় পুলিশ-প্রশাসনের কোনো গাফিলতি ছিল না—এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি৷ এ ক্ষেত্রে লঞ্চ উদ্ধারকর্মীরা বিলম্ব করেছেন, তাই জনগণ ক্ষুব্ধ হয়েছে৷
কমিটির সভাপতি জেলা প্রশাসক সাইফুল হাসান বলেন, ‘সভায় যেসব বিষয় আলোচনায় এসেছে, আমরা তা বাস্তবায়ন করার চেষ্টার ক্ষেত্রে সচেষ্ট থাকব৷ বিশেষ করে, কাঠপট্টি-তালতলা খাল খননের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷’