লঞ্চ দুর্ঘটনায় দুই বছরে মৃত ২০৭
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৪ ও ২০১৫ সালে শুধুমাত্র যাত্রীবাহী দুটি লঞ্চ দুর্ঘটনায় ২০৭ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার সংসদে দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সাংসদ কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য জার্মানি, তুরস্ক, চীন ও জাপান থেকে যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। এসব যন্ত্রপাতি কিনতে ৬৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হবে।
সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, গত ছয় বছরে বিআইডব্লিউটিএ ১৪টি নদী খনন করেছে। এগুলো হলো কুমার/আড়িয়াল খাঁ, বিলরুট/মধুমতি, মধুমতি, পদ্মা/কৃত্তিনাশা, সন্ধ্যা, যমুনা, আড়িয়াল খাঁ, গোমতী, শীতলক্ষ্যা, সাহেবেরহাট খান, তেতুলিয়া, মংলা-ঘষিয়াখালী, কংস ও তুরাগ/বালু। এসব নদীতে মোট ৩২৮ কিলোমিটার নদীপথ খনন করা হয়েছে।
জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, চলতি বছরে আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, ইছামতী, শীতলক্ষ্যা, সুরমা, গোমতী, বালু, তুরাগ, ধলেশ্বরী, ভৈরব, ডাকাতিয়া, বিষখালীসহ আরও কয়েকটি নদী খনন করা হবে।
সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছর থেকে বর্তমান পর্যন্ত নদী খননে ২২৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হয়েছে।