লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ চার যাত্রীর লাশ উদ্ধার
ঢাকা-শরীয়তপুর সড়কের মাওয়া-মঙ্গল মাঝি নৌরুটে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরির সঙ্গে লঞ্চের ধাক্কায় নিখোঁজ যাত্রীদের মধ্যে গতকাল শনিবার সকালে মালেক তালুকদার (৪৮), সেকান্দার ঢালী (৩৫), মানিক মাদবরসহ (৪০) চার যাত্রীর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় মাওয়া ঘাট থেকে শরীয়তপুরের মঙ্গল মাঝি ঘাটের উদ্দেশে এমভি শোভা লঞ্চটি ছাড়ে। ছাড়ার সঙ্গে সঙ্গে পাশে অবস্থান করা ফেরির সঙ্গে ধাক্কা লাগলে লঞ্চের একটি অংশ কাত হয়ে পানি উঠতে থাকে। এ সময় স্রোতের তোড়ে কয়েকজন যাত্রী পদ্মায় ভেসে যায়। ২০-২৫ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও কয়েকজন যাত্রী নিখোঁজ হয়। গতকাল সকাল সাতটা থেকে আটটার মধ্যে মাওয়া ঘাটের ২০০ গজ পূর্বে ভাটিতে জাজিরা উপজেলার মদন তালুকদার কান্দি গ্রামের মালেক তালুকদার ও সদর উপজেলার উত্তর কেবল নগর গ্রামের সেকান্দার ঢালীর লাশ পাওয়া যায়। জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের মানিক মাদবরের লাশ তাঁর স্বজনরা গতকাল বিকেল তিনটায় মাওয়া চৌরাস্তার পাশে পদ্মা নদী থেকে উদ্ধার করে। এ সময় তাঁরা অজ্ঞাতনামা এক যাত্রীর লাশও উদ্ধার করে। বাহরাইনপ্রবাসী মালেক তালুকদার ঈদের ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে বাহরাইন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানের টিকিট নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিতে তিনি গ্রামে ফিরছিলেন। মালেক তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম (৪২) বারবার স্বামীর মৃতদেহের ওপর মূর্ছা যাচ্ছিলেন। তাঁর তিন মেয়ে—শোভা (১৫), লিতা (১২) ও রিতা (৯) বাবার এই করুণ মৃত্যু মেনে নিতে পারছে না।সদর উপজেলার উত্তর কেবল নগর গ্রামের সেকান্দার ঢালী সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। পাশের গ্রামে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। এক মাসের মধ্যেই বিয়ে সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে রেখেছিল পরিবার। তাঁর মা গোল চেহারা বেগম (৭০) বারবার ছেলের লাশের ওপর মূর্ছা যাচ্ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সে এলাকার রাজনীতি করত। রাজনীতির কাজে এত ব্যস্ত থাকত, বিয়ে করার সময় পর্যন্ত বের করতে পারেনি। এখন চিরদিনের মতো অবসরে চলে গেল। তোমরা আমার ছেলেকে এনে দাও।’বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের বন্দর কর্মকর্তা বাবুলাল বৈদ্য বলেন, লঞ্চটি ফেরির সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে কাত হয়ে যায়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে লঞ্চটি কাত হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। লঞ্চচালকের গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।