লঞ্চ ধর্মঘট প্রত্যাহার হয়নি প্রশাসনের সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে লঞ্চশ্রমিকদের ডাকা ধর্মঘট গতকাল বুধবারও প্রত্যাহার করা হয়নি। গতকাল টানা চতুর্থ দিনের মতো বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। এ দিকে গতকাল সকালে লঞ্চমালিকদের এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারে প্রশাসন ও বিআইডব্লিউটিএর সহযোগিতা কামনা করা হয়েছে। গতকাল বেলা ১১টায় লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা তাদের বরিশাল কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের সহযোগিতা চায়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ৭ মার্চ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের উপপরিচালকের কার্যালয়ের বৈঠকে লঞ্চমালিকেরা সাময়িক বরখাস্ত করা চার শ্রমিকের মধ্যে তিনজনকে পুনর্বহাল করার ঘোষণা দেন এবং লেবার অ্যাসোসিয়েশনকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু শ্রমিকেরা অনুরোধের প্রতি সম্মান দেখাননি। ৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে জেলা প্রশাসকের দেওয়া সিদ্ধান্ত লঞ্চমালিকেরা মেনে নিলেও শ্রমিকেরা তা অমান্য করে সভাস্থল ত্যাগ করেন। এ অচল অবস্থা নিরসনে আমরা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও গণমাধ্যমের একান্ত সহযোগিতা কামনা করছি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লঞ্চমালিক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল লঞ্চমালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য রেজিনুল কবীর প্রমুখ।একজন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন গত রোববার ভোর থেকে বরিশালের সঙ্গে ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।