ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া-কাওরাকান্দি নৌপথে একটি লঞ্চ ক্রমিক অবস্থান (সিরিয়াল) ভেঙে চলাচল করায় গতকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে লঞ্চমালিক সমিতি। এ কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে।লঞ্চ ধর্মঘটের সুযোগ নিয়ে ট্রলার ও স্পিডবোটসহ অন্যান্য জলযানের চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। এর প্রতিবাদ করায় ট্রলারমালিক ও চালকদের হামলায় নারীসহ ১০ জন যাত্রী আহত হয়েছে। সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে।কাওরাকান্দি ফেরিঘাট সূত্র জানায়, লঞ্চমালিক সমিতির সঙ্গে কোনো প্রকার সমন্বয় না করে লিপু খান নামের একজন প্রভাবশালী ব্যক্তি সকালে তাঁর মালিকানাধীন এমভি সোনালী এক্সপ্রেস নামের একটি লঞ্চ চালানো শুরু করেন। লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে জোর করে কোনো ধরনের সিরিয়াল ছাড়াই ছেড়ে যায়। এভাবে লঞ্চ চালানোয় মাওয়া-কাওরাকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌপথে চলাচলরত ৮১টি লঞ্চের মালিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। কাওরাকান্দি লঞ্চমালিত সমিতির সভাপতি আতাহার ব্যাপারী ও মাওয়া লঞ্চমালিক সমিতির সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, সোনালী এক্সপ্রেস সমিতিভুক্ত হয়নি। সকাল থেকে লঞ্চটি মালিক সমিতির কোনো নেতার সঙ্গে আলোচনা ছাড়াই যাত্রী পারাপার শুরু করে। তবে লিপু খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।সরেজমিনে গতকাল কাওরাকান্দি ও মাওয়া ঘাটে গিয়ে দেখা যায়, উভয় পাড়ে সারি বেঁধে লঞ্চ নোঙর করে রাখা হয়েছে। এ সময় কাওরাকান্দি ঘাটে লঞ্চশ্রমিকদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। এদিকে রাজধানী ও দক্ষিণাঞ্চলমুখী হাজার হাজার যাত্রীর ভোগান্তির সুযোগ নিয়ে ট্রলারচালকদের ইচ্ছামাফিক ভাড়া আদায় করে যাত্রী পারাপার করতে দেখা গেছে। কাওরাকান্দি ঘাটে আটকে পড়া যাত্রীরা জানায়, অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় বাবুল ব্যাপারী নামের এক ট্রলারমালিকের নেতৃত্বে ট্রলারশ্রমিকেরা যাত্রীদের ওপর হামলা চালান। তাঁরা নারীসহ ১০ জন যাত্রীকে মারধর করে আহত করেন এবং তাদের মালামাল ছিনিয়ে নেন। ঢাকার প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আমির হোসেন বলেন, ‘সকাল থেকে আটকে আছি। লঞ্চে পার হতে পারলে ৩০ টাকা খরচ হতো। স্পিডবোটে পার হতে গিয়ে এখন ১৪০ টাকা খরচ হচ্ছে।’ যাত্রীরা জানায়, ফেরিতে পার হতে গিয়ে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক পিপিএম বলেন, ঘাটে যাত্রী হয়রানি বন্ধ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। আগামীকাল (আজ) ঢাকায় নৌ মন্ত্রণালয়ে এ নিয়ে আলোচনা হবে। সেখানেই বিষয়টির সমাধান হবে।’