লঞ্চ নকশাকার, সনদ প্রদানকারী ও নির্মাতার শাস্তির বিধান নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশে (আইএসও) লঞ্চের নকশা প্রণয়নকারী, নকশাসম্পর্কিত সনদ প্রদানকারী ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শাস্তির কোনো বিধান নেই। যদিও একটি লঞ্চ ডুবে যাওয়ার পেছনে অনেকটা দায়ী হতে পারে এই তিন ব্যক্তি বা শ্রেণী।
আইএসও পর্যালোচনা করে ও দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা যায়। সূত্রমতে, লঞ্চডুবির কারণে লঞ্চমালিক, মাস্টার ও চালকের শাস্তির বিধান রয়েছে। এঁদের নিবন্ধন বাতিল, এমনকি জেল জরিমানাও হতে পারে। এ ছাড়া লঞ্চ জরিপকারকেরও শাস্তি,
এমনকি তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার বিধান আছে আইএসওতে।
সূত্রমতে, ১৯৭৬ সালে আইএসও প্রণীত হয়। পাঁচ দফায় এর সংশোধনও হয়। সর্বশেষ সংশোধন হয় ২০০৫ সালে। কিন্তু নকশা প্রণয়নকারী, এ-সম্পর্কিত সনদ প্রদানকারী ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ভুল বা ত্রুটিজনিত কাজের শাস্তির বিধান যোগ হয়নি কোনো সংশোধনীতে। যার জন্য কোনো লঞ্চ ডুবলে এবং প্রচুর সংখ্যক মানুষের প্রাণহানি ঘটলেও এঁদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না৷
সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম আইএসও সংশোধনে যুক্ত ছিলেন। গতকাল শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সরাসরি না থাকলেও এঁদের শাস্তি দেওয়া যায় আইএসওর ৭২ ধারা অনুযায়ী। তবে কারও শাস্তি হয়েছে কি না, সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
৭২ ধারায় যা বলা আছে তা হচ্ছে, ‘এই অধ্যাদেশের যেকোনো ধারা ভঙ্গ করিলে তাহার নিমিত্ত অধ্যাদেশের অন্যত্র কোনো শাস্তির উল্লেখ নাই, কোন ব্যক্তি সেসব ধারা ইচ্ছামাফিক ভঙ্গ করিলে তাহার সবোর্চ্চ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে।’ অর্থাৎ আইএসওর যেকোনো ধারা ভঙ্গ করলে তার শাস্তি সর্বোচ্চ ১০ হাজার টাকা। সেখানে নকশা প্রণয়নকারী, সনদ প্রদানকারী ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ভুল বা ত্রুটিজনিত শাস্তির উল্লেখ নেই।
গত বৃহস্পতিবার গজারিয়ার এমভি মিরাজ-৪ লঞ্চডুবির বড় কারণ হিসাবেও সঠিক নকশা অনুযায়ী নির্মাণ না করা, ভুল নকশার বিপরীতে সনদ দেওয়ার অভিযোগ করেছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র। ২০০২ সালে নির্মিত লঞ্চটি তৈরি হয়েছে পুরোনো নকশায়। যে নকশা বর্তমান সময়ে প্রযোজ্য নয়।
এমভি মিরাজ-৪-এর দৈর্ঘ্য ৩৫ দশমিক ৬৭ মিটার, প্রস্থ ৭ দশমিক ০৩ মিটার এবং গভীরতা ১ দশমিক ৯০ মিটার। সূত্রমতে, লঞ্চটির দৈর্ঘ্য অনুযায়ী গভীরতা হওয়া উচিত তিন মিটার। গভীরতা কম হলে এবং ওপরের দিকে ভারী হলে লঞ্চ চলাচলের সময় ভারসাম্য হারানোর ঝুঁকি থাকে৷
জানা যায়, ভারসাম্য রক্ষার জন্য মিরাজ-এর তলদেশে ইস্পাত, সিমেন্টের বস্তাসহ ভারী পদার্থ (সলিড ব্যালাস্ট) দিয়ে ভরাট করার কথা ছিল। কিন্তু করা হয়নি। তবে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তা স্বীকার করেননি।
বাংলাদেশ সোসাইটি অব মাস্টার্স মেরিনার্সের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, ভুল নকশা বা নকশা অনুযায়ী লঞ্চ তৈরি করার বিষয় ছাড়াও বিভিন্ন লঞ্চ নিয়মিত তদারকি করা হয় না। তিনি বলেন, এমভি মিরাজ-২ আগেও দুবার দুর্ঘটনাকবলিত হয়েছিল। এ ছাড়া সলিড ব্যালেস্ট করার কথা বলা হলেও এই লঞ্চে তা করা হয়নি।
লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা দিনের বেলায় ২০২ ও রাতে ১০২ জন। কিন্তু দুর্ঘটনার আগে লঞ্চে আড়াই শতাধিক যাত্রী ছিল।