লঞ্চ বন্ধ, ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরিসংকট এবং বৈরী আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যান পারাপার ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে আটকা পড়ছে কয়েক শ যানবাহন। গতকাল মঙ্গলবার উভয় পারে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। ঝড়ের কারণে গতকাল সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ফেির চলাচলও ব্যাহত হচ্ছে৷
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন জানান, সন্ধ্যা সাতটার পর থেকে ঝড় শুরু হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া পথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০টি রোরো, তিনটি কে-টাইপ ও দুটি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়৷
এর মধ্যে গতকাল সকাল পর্যন্ত সাতটি রোরো, তিনটি কে-টাইপ ও একটি ইউটিলিটি ফেরি চলাচল করেছে৷ তবে গতকাল সন্ধ্যায় ঝড় শুরু হওয়ার পর শুধু সাতটি রোরো ফেরি চলাচল করেছে৷
গতকাল দুপুরে দেখা যায়, ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত দুই সারিতে দুই কিলোমিটার এবং এর পর থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পশ্চিম পাশের চার লেন সড়কের তিন কিলোমিটারে গাড়ির দীর্ঘ সারি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, তিনটি বড় ফেরি গত সোমবার বিকল থাকায় এবং মাঝেমধ্যে ঝোড়ো বাতাসে যানবাহন পারাপার ব্যাহত হয়।