লঞ্চ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুর-ঢাকা পথে যাত্রীবাহী লঞ্চ বোগদাদীয়া-৭-এর চলাচল বন্ধের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত বৃহস্পতিবার থেকে লঞ্চটির চলাচল বন্ধ করে দেয়।
চাঁদপুর নতুন বাজার বাগাদী সড়কের বিআইডব্লিউটিএর কার্যালয়ের সামনে গতকাল দুপুর ১২টা থেকে এক ঘণ্টা মানববন্ধন করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ সময় লঞ্চটি পুনরায় চালুর দাবি করা হয়। গত ২৫ অক্টোবর থেকে চাঁদপুর-ঢাকা পথে বোগদাদীয়া-৭ লঞ্চটি চালু করা হয়।
এদিকে গত বৃহস্পতিবার থেকে লঞ্চ না পেয়ে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়েন। বোগদাদীয়া-৭ বিকেল পাঁচটায় ছাড়ত। গত বৃহস্পতিবার বিকেলে লঞ্চ না পেয়ে অনেকে বাড়ি ফিরে যান। আর রায়পুর, লক্ষ্মীপুরসহ দূর থেকে আসা অনেক যাত্রী পরের লঞ্চের জন্য রাত ১২টা পর্যন্ত ঘাটে অপেক্ষা করেন।
বোগদাদীয়া-৭ লঞ্চ মালিকপক্ষের লোক জিয়াউল আলম বলেন, তাঁরা হাইকোর্ট থেকে প্রায় দুই মাস আগে চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলের জন্য এই সময়সূচি নিয়ে আসেন। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পূর্বঘোষণা ছাড়া লঞ্চটি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিএর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সুপ্রিম কোর্ট ১১ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া সময়সূচির আদেশ স্থগিত করেন। এর ফলে তাঁরা লঞ্চটি চলাচল বন্ধ করে দেন। নতুন করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হলে লঞ্চটি চলাচল করতে পারবে।