মাওয়া-কাওরাকান্দি নৌপথে পদ্মা পারাপারে লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কাওরাকান্দি থেকে দূরপাল্লার বাস-মাইক্রোবাসেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ফলে ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
গতকাল বুধবার সকালে কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে উপচে পড়া ভিড়। যে যেভাবে পারছে গন্তব্যের উদ্দেশে ছুটছে। সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। নৌযানে উঠতে ও নামতে বৃষ্টিতে ভিজে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। বৃষ্টি ও বাতাসে পদ্মাও উত্তাল। জরাজীর্ণ লঞ্চে ঝুঁকি নিয়েই নদী পাড়ি দিচ্ছে যাত্রীরা। লঞ্চগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। বেশির ভাগ লঞ্চে জীবন রক্ষাকারী বয়া বা লাইফ জ্যাকেট নেই।
কাওরাকান্দি থেকে দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ঘাটে ফিটনেস গাড়ির স্টিকার দেওয়ার নাম করে কৃত্রিম-সংকট তৈরি করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে তড়িঘড়ি করে বাড়তি ভাড়া আদায় করে গাড়িতে ওঠানো হচ্ছে। জিম্মি করে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
বরিশালগামী ইলিশ পরিবহনের যাত্রী সোহাগ, আজিমসহ আরও অনেকে বলেন, আগে কাওরাকান্দি থেকে ইলিশ গাড়ির ভাড়া ছিল ১৫০ থেকে ২০০ টাকা। এখন নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
এদিকে কাওরাকান্দি-বরিশাল রুটের মাইক্রোবাসের চালকেরা জানান, কাওরাকান্দি-বরিশাল রুটে অহরহ প্রায় ১৫০টি মাইক্রোবাস চলাচল করে। কিন্তু ঈদে চলাচলের জন্য স্টিকার দেওয়া হয়েছে মাত্র ৪০টি গাড়িকে। স্টিকার না পাওয়া শতাধিক মাইক্রোবাসকে কাওরাকান্দি ঘাটের কাছেও যেতে দিচ্ছে না পুলিশ। এভাবে মাইক্রোবাসের কৃত্রিম-সংকট সৃষ্টি করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাইক্রোবাসের চালক বলেন, টাকা খেয়ে প্রশাসনের পক্ষ থেকে গাড়িতে স্টিকার দেওয়া হয়েছে। যেসব গাড়িতে স্টিকার দেওয়া হয়েছে তার অনেকগুলোই ফিট না। তিনি বলেন, স্বল্প দূরত্বের যাত্রীরা পড়েছে আরও সংকটে। স্থানীয় অনেক পরিবহন অতিরিক্ত মুনাফার আশায় স্বল্প দূরত্বে না গিয়ে দূরে যাত্রী বহন করছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শ্যালো ইঞ্জিনচালিত টমটম, নছিমন, টেম্পো ও ইজিবাইকগুলো বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতায় নেমেছে।
যোগাযোগ করা হলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, যানজট নিরসনে ফিটনেসবিহীন সব যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ রাখা হয়েছে। মহাসড়কে দুর্ভোগ কমাতে প্রশাসন নির্দিষ্ট গাড়িকে বিশেষ স্টিকার দিয়েছে।
নতুন দুটি ফেরি যুক্ত: এদিকে ঈদে যাত্রী পারাপার আরও সহজতর করতে মাওয়া-কাওরাকান্দি নৌপথে বিআইডব্লিউটিসি থেকে আরও দুটি ফেরি যুক্ত করা হয়েছে। একটি কনকচাঁপা ও অপরটি কলমিলতা। এর আগে এই রুটে রো রোসহ ১৬টি ফেরি যানবাহন পারাপার করত। এখন চলবে ১৮টি।
মাওয়া ঘাটসংলগ্ন পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে গত কয়েক দিন ধরে নাব্যতা-সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচলে বিঘ্নতা দেখা দিয়েছে। গতকাল ভোরে ১২টি যানবাহন নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর জোয়ার এলে ফেরিটি ছাড়া পায়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, মাওয়া ঘাটে এবার পুলিশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৩০ জন পুলিশ সদস্যের পাশাপাশি ভিডিও ক্যামেরা নিয়ে গোয়েন্দা বিভাগের লোকজনও কাজ করছে।