লঞ্চটি উদ্ধারে ডুবুরি দল রওনা দিয়েছে
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডুবে যাওয়া এমভি শাথিল লঞ্চটির উদ্ধারকাজে অংশ নিতে নৌবাহিনীর ১০ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। আজ শনিবার রাতে তাঁরা গলাচিপার উদ্দেশে রওনা দেন।
নৌ গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক কমোডর রাশেদ আলী জানান, নৌবাহিনীর ওই দলটির নেতৃত্বে আছে অনারারি লেফটেন্যান্ট শের জামান। দলটি খুলনা থেকে রওয়ানা দিয়েছে।
আজ বেলা সোয়া দুইটার দিকে গলাচিপা উপজেলার কলাগাছিয়া লঞ্চঘাট থেকে এক কিলোমিটার দক্ষিণে কালবৈশাখীর কবলে পড়ে এমভি শাথিল ডুবে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাতটি লাশের মধ্যে একটি শিশুর, পাঁচটি নারীর ও একটি পুরুষের। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গলাচিপা উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা রুহিনা বেগম (২৪), রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০) ও রাঙ্গাবালী উপজেলার ১৯ নম্বর গ্রামের লুত্ফা বেগম (২১)।