লঞ্চডুবি, খণ্ড খণ্ড শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার গুলমাইজ গ্রামের খলিল শেখের মেয়ে শান্তার বিয়ে হয় গাজীপুরের কামালের সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সোমবার রাতে নববধূকে নিয়ে ঢাকাগামী এমভি শরীয়তপুর-১ লঞ্চে রওনা হন কামাল। সঙ্গে আরও ১৬ জন বরযাত্রী। সর্বশেষ সোমবার রাত ১২টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে তাঁদের যোগাযোগ হয়। কয়েক ঘণ্টা পর গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যায় তাঁদের লঞ্চ। দুর্ঘটনার পর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ। মেলেনি তাঁদের কারও খোঁজ।প্রবাসীদের বিদায় জানাতে গিয়ে নিখোঁজ ১৫: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে শামীম যুক্তরাষ্ট্রের নাগরিক। অসুস্থ বাবা-মাকে দেখতে স্ত্রী পলি বেগমকে নিয়ে বাংলাদেশে আসেন। মঙ্গলবার রাত ১১টার ফ্লাইটে তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। সোমবার রাতে স্ত্রী পলি, শাশুড়ি খাদিজা বেগম, ভগ্নিপতি মো. দুলাল দেওয়ান, ভায়রা নাহিদ ও তাঁর মেয়ে নিপাকে নিয়ে ওঠেন শরীয়তপুর-১ লঞ্চে। লঞ্চডুবিতে ভগ্নিপতি দুলাল তীরে উঠতে সক্ষম হন। বাকি পাঁচজন নিখোঁজ।‘আমেরিকা যাওয়ার বদলে তারা এখন লাশ হয়ে ফিরবে।’ কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দুলাল দেওয়ান। নিখোঁজ স্বজনদের সন্ধানে গতকাল সারা দিন মেঘনার তীরে ঘুরে বেড়ান তিনি।ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের এনামুল হক ও তাঁর স্ত্রী সাথী ইতালি-প্রবাসী। এক মাস আগে বেড়াতে আসেন বাংলাদেশে। বুধবার সন্ধ্যায় ফিরে যাওয়ার জন্য বিমানের টিকিট করা ছিল। বিমানবন্দরে তাঁকে এগিয়ে দেওয়ার জন্য ১০ জন আত্মীয় একত্রে শরীয়তপুর-১ লঞ্চে ঢাকায় যাত্রা শুরু করেন। তাঁরা সবাই নিখোঁজ। একই লঞ্চের যাত্রী ছিলেন নড়িয়ার ডিঙ্গামানিক এলাকার সিরাজুল ইসলাম (৩৫)। ভাগ্যক্রমে সিরাজুল বাঁচলেও ভেঙে গেছে ইতালি যাওয়ার স্বপ্ন। কারণ, ওই লঞ্চের কেবিনের ভেতর ছিল তাঁর পাসপোর্ট, ভিসা ও টিকিট। ফ্লাইট ছিল কাল বৃহস্পতিবার।সিরাজুল বলেন, এই লঞ্চে বিদেশে যাবেন আরও এমন অনেক যাত্রী ছিলেন। ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে তাঁরা আগে যেতে পারেননি। তাই তাঁরা সবাই ওই লঞ্চে ওঠেন।মারা গেছেন লঞ্চের সুকানি সাদেক আলীও: শরীয়তপুর-১ লঞ্চের মাস্টার আরশাদ মিয়া চাকরি ছাড়ার পর থেকে নড়িয়ার সুরেশ্বর গ্রামের সাদেক আলী লঞ্চ চালাতেন। সোমবার ঢাকায় বড় ছেলের বাসায় বেড়াতে যাওয়ার জন্য স্ত্রী আলেয়া বেগম, মেয়ে ইতি, শ্যালক খালেক চৌকিদারকে লঞ্চে নিয়ে যান। লঞ্চ দুর্ঘটনাকবলিত হওয়ার পর ছেলে সেলিমকে মুঠোফোনে জানান, ‘বাবা, আমরা আর কেউ বাঁচব না। মেঘনায় লঞ্চ দুর্ঘটনা হয়েছে। তোমার মা-বোনকে বাঁচানোর চেষ্টা করছি।’ এর পর থেকেই তাঁর মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।গতকাল বেলা দুইটার দিকে সাদেক আলীর লাশ উদ্ধার করা হয়। পরিবারের বাকি সদস্যরা এখনো নিখোঁজ। সাদেকের ছেলে সেলিম জানান, ‘আমার বাবা ২০ বছর ধরে লঞ্চে চাকরি করছেন। অনেক ঝড়বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লঞ্চ চালিয়েছেন। আমার মা, বোন, মামাসহ তাঁরা এভাবে মেঘনা নদীতে সলিলসমাধি হবে, আমরা কল্পনাও করতে পারিনি।’ সেলিম বলেন, বাবা আমাকে ফোনে দুর্ঘটনার খবর দিয়েছেন। এরপর আমি লঞ্চের মালিকপক্ষসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তাঁদের রক্ষা করতে পারিনি।’ পীরের বাড়িই শেষ দর্শন: নড়িয়ার বাংলাবাজার গ্রামের নুরুল হক সরদার দীর্ঘদিন ধরে বাস করেন ঢাকার মিরপুরে। স্ত্রী, মেয়ে ও নাতি-নাতনিরা পীরের বাড়ি সুরেশ্বর দরবার শরিফ দর্শনে আসবে। তিনি বাধা দেননি। স্ত্রী হোসনে আরা, মেয়ে আমেনা বেগম, কুলছুমা, দুই কন্যার সন্তান সানজিদা, মৌলি আক্তার, মারুফা, রায়হান, আকলিমা ও রাসুল বেড়াতে আসে বাংলাবাজার গ্রামে। পীরের বাড়ি দর্শন শেষে সোমবার রাতে ঢাকায় যাওয়ার উদ্দেশে শরীয়তপুর-১ লঞ্চে চড়ে। কিন্তু তাঁদের কারও সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ওই লঞ্চের যাত্রী বাংলাভিশনের ক্যামেরাম্যান মাসুদ চৌধুরী, তাঁর স্ত্রী পান্না চৌধুরী ও আড়াই বছরের ছেলে মাহিন চৌধুরী।