লঞ্চডুবিতে আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ মে, ২০১৪: ঝড়ের কবলে পড়ে গতকাল দুপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি শাথিল-১ পটুয়াখালীর গলাচিপা নদীতে ডুবে যায়। বিকেলে ডুবে যাওয়া লঞ্চ থেকে যাত্রীদের লাশ উদ্ধার করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা । ছবি: প্রথম আলো
৩ মে, ২০১৪: ঝড়ের কবলে পড়ে গতকাল দুপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি শাথিল-১ পটুয়াখালীর গলাচিপা নদীতে ডুবে যায়। বিকেলে ডুবে যাওয়া লঞ্চ থেকে যাত্রীদের লাশ উদ্ধার করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা । ছবি: প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা নদীতে গতকাল শনিবার এমভি শাথিল-১ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি থেকে স্থানীয় লোকজন গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করেছেন।
কলাগাছিয়ায় লঞ্চঘাটের কাছে এক কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন। তবে নিখোঁজের সংখ্যা কত, তা নিশ্চিত হওয়া যায়নি। এমভি শাথিল-১ সকালে রাঙ্গাবালী খালগোড়া ঘাট থেকে ছেড়ে গলাচিপা লঞ্চঘাটে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টায় গলাচিপা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।
সাতজনের মৃতদেহ তাঁদের স্বজনেরা শনাক্ত করেছেন। তাঁরা হলেন বরগুনার রুনিয়া আক্তার (২৪), রাঙ্গাবালীর সেনের হাওলা গ্রামের মনোয়ারা বেগম (৫০), ১৯ নম্বর গ্রামের লুৎফা বেগম (৫৫), গঙ্গীপাড়া গ্রামের রিসাত (৫), মাঝ নেতা গ্রামের নিপু আক্তার (৩৫), বড়বাইশদিয়া গ্রামের তিন্নি আক্তার (৬) এবং কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামের নারায়ণ চন্দ্র হাওলাদার (৬০)। আরেকটি লাশের পরিচয় জানা যায়নি।
ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে যাওয়া কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের একজন হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মো. পলাশ (৩০)। তিনি জানান, রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। সেখান থেকে স্ত্রী সোহানা আক্তার (২১) ও শিশুপুত্র নিশাতকে (২) নিয়ে ওই লঞ্চে পটুয়াখালী যাচ্ছিলেন। বেলা সোয়া দুইটার দিকে লঞ্চটি কালবৈশাখীর কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই লঞ্চটি ডুবে যেতে শুরু করে। এ সময় তিনি হাতের কাছে একটি প্লাস্টিকের খালি কনটেইনার (ড্রাম) পান। অপর এক যাত্রীর সহযোগিতায় তিনি স্ত্র্রী, সন্তানসহ ড্রামটি নিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাঁদের নদী থেকে উদ্ধার করেন।

২৭ জানুয়ারি, ২০১৪: এ বছরের ২৭ জানুয়ারিও দুর্ঘটনার কবলে পড়ে এই লঞ্চটি । ফাইল ছবি
২৭ জানুয়ারি, ২০১৪: এ বছরের ২৭ জানুয়ারিও দুর্ঘটনার কবলে পড়ে এই লঞ্চটি । ফাইল ছবি

কলাগাছিয়া গ্রামের বাসিন্দা মো. সালাম শিকদারের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) জানান, ঝড়ের সময় তিনি নদীর পাড়ে ছিলেন। তিনি বলেন, ‘চোখের সামনে মুহূর্তের মধ্যেই আমি লঞ্চটি ডুবে যেতে দেখি। ডুবে যাওয়া লঞ্চ থেকে বড়জোর ১০-১২ জন সাঁতার কেটে জীবন বাঁচাতে পেরেছেন। আমি এলাকার লোকজন ডেকে নৌকা ট্রলার নিয়ে উদ্ধার করতে পাঠাই।’
বেলা সাড়ে তিনটায় কলাগাছিয়া গ্রামের শিকদার বাড়ির ঘাটে গিয়ে দেখা যায়, ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের স্বজনসহ কয়েক হাজার মানুষ নদীতীরে ভিড় করেছেন। গলাচিপা থানা ও কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহযোগিতায় স্থানীয় লোকজন নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত নৌপরিবহন কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাননি।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, চলতি দায়িত্বে) কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘দুর্ঘটনায় নিহত প্রত্যেকের দাফন বা সৎকারের জন্য নগদ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। উদ্ধার-প্রক্রিয়া অব্যাহত রাখতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।’
পটুয়াখালী নৌবন্দরের সহকারী পরিচালক এস এম বদরুল জানান, লঞ্চটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম ইতিমধ্যে বরিশাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে ঘটনাস্থল গলাচিপা পৌঁছাবে।