লঞ্চডুবিতে আরও এক লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় অহিদ নামের তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর ভূরিয়া লঞ্চঘাটের কাছাকাছি লোহালিয়া নদী থেকে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে।
অহিদের বাবা পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের চরমৈসাদি গ্রামের মো. মোস্তফা ফকির ছেলের লাশ শনাক্ত করেন।
গলাচিপা উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আমিরুল ইসলাম লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার দুপুরে অহিদের মা অহিদা বেগমের (২৫) লাশ উদ্ধার করা হয়।
গত ৩ মে গলাচিপা উপজেলার কলাগাছিয়ায় গলাচিপা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে এমভি শাথিল-১ নামের যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এ পর্যন্ত এ দুর্ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। গতকাল রাত পৌনে নয়টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া লঞ্চটিকে টেনে ওপরে তোলে।