লঞ্চডুবিতে আরও পাঁচজনের লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চটি থেকে স্থানীয় লোকজন আজ রোববার বেলা দুইটা পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করেছেন।
গতকাল শনিবার এমভি শাথিল-১ নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। কলাগাছিয়ায় লঞ্চঘাটের এক কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়। পরে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
জোয়ারের কারণে উদ্ধার তত্পরতা সাময়িকভাবে বন্ধ রয়েছে। লঞ্চটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম গতকালই বরিশাল থেকে গলাচিপার উদ্দেশে রওনা দেয়। তবে আজ বেলা দুইটা পর্যন্ত দুর্ঘটনাস্থলে জাহাজটি পৌঁছেনি।
উদ্ধার তত্পরতা সমন্বয়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলের কাছে একটি অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সবগুলো লাশই শনাক্ত হয়েছে।
এমভি শাথিল-১ গতকাল সকালে রাঙ্গাবালী খালগোড়া ঘাট থেকে ছেড়ে গলাচিপা লঞ্চঘাটে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টায় গলাচিপা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়। ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বেলা সোয়া দুইটার দিকে লঞ্চটি কালবৈশাখীর কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই লঞ্চটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের নদী থেকে উদ্ধার করেন।