
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জন। ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর গতকাল সোমবার ভোরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে লঞ্চ এমভি মোস্তফাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর ডুবে যাওয়া লঞ্চের ভেতরে বেলা ১১টা পর্যন্ত নারী, পুরুষ ও শিশুর আরও ২৭টি লাশ পাওয়া যায়। এর আগে ৪৩টি লাশ উদ্ধার করা হয়েছিল। ৭০টি লাশের মধ্যে ২৭টি পুরুষের, ২৪টি নারীর ও ১৯টি শিশুর। ৬৯টি লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এক নারীর লাশের পরিচয় পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বেলা ১১টার পর লঞ্চের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ছিলেন বেশ কয়েকজন। দুর্ঘটনার শিকার ও দুর্ঘটনার জন্য দায়ী দুটি নৌযানই বেপরোয়াভাবে চলছিল। এ ছাড়া দুটি নৌযানই ছিল ত্রুটিপূর্ণ।
সরেজমিন: গত রোববার সকালে লঞ্চডুবির কয়েক ঘণ্টার মধ্যেই পাটুরিয়া ঘাটে জড়ো হতে থাকেন স্বজনহারা লোকজন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের ভিড়ও বাড়তে থাকে। উদ্ধার হওয়া লাশগুলো একে একে ঘাটের বিআরটিসির যাত্রীছাউনিতে আনার পরপরই হুমড়ি খেয়ে পড়তে থাকেন স্বজনেরা। এ সময় ছাউনিজুড়ে কান্নার রোল পড়ে যায়। মরদেহ জড়িয়ে ধরে শোকবিহ্বল হয়ে পড়েন অনেক স্বজন।
একে একে লাশের পরিচয় মিলতে থাকায় এবং গতকাল বেলা একটার মধ্যে স্বজনদের কাছে ৬৯টি লাশ হস্তান্তরের পর এ আহাজারি অনেকটাই মিলিয়ে যায়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের বেশ কয়েকজনের স্বজনদের ঘাটে মরদেহের অপেক্ষায় থাকতে দেখা গেছে। প্রিয়জনের লাশটি পাওয়ার আশায় নিয়ন্ত্রণকক্ষ থেকে যাত্রীছাউনি, যাত্রীছাউনি থেকে নিয়ন্ত্রণকক্ষে ছোটাছুটি করেন তাঁরা।
লঞ্চযাত্রীদের একজন কুষ্টিয়ার ভেড়ামারার বানেজ আলী (৬৯)। দীর্ঘদিন ঢাকা শহরে রিকশা চালান তিনি। উপার্জনের টাকা নিয়ে ১৫ দিন পর পর বাড়ি যান। অন্যদিনের মতোই তিনি রোববার বাড়ি ফিরছিলেন। পথে লঞ্চটির যাত্রী হয়ে নিখোঁজ হন। লঞ্চডুবির খবর পেয়ে রোববার রাতেই পাটুরিয়া ঘাটে ছুটে আসেন ছেলে হাফিজুল ইসলাম। এর পর থেকে বাবার সন্ধানে পাগলের মতো ছুটছিলেন তিনি। অবশেষে বেলা ১১টার দিকে লঞ্চের ভেতর থেকে উদ্ধার হওয়া কয়েকটি লাশের মধ্যে বাবার লাশটি শনাক্ত করেন।
এ সময় বুক চাপড়ে হাফিজুল বলতে থাকেন, ‘বাবার আসার কথা শুইনা আমি সকাল বেলায় বাজার করছি। মায়ে বাবার লিগা রান্না কইর্যা অপেক্ষায় আছিল। কিন্তু বাবার ভাগ্যে আর খাওয়া হইল না। আমি এহন এই লাশ নিয়া গিয়া মারে কী জবাব দিমু।’
ঘাটে স্থাপিত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ রুস্তম রোববার রাত সোয়া ১১টায় মাওয়া থেকে পাটুরিয়ার দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোয়া চার ঘণ্টা চেষ্টার পর গতকাল ভোর সাড়ে চারটার দিকে লঞ্চটি উদ্ধার করে পাটুরিয়ার অদূরে বড়রিয়া এলাকায় নদীতীরে রাখা হয়।
যাঁরা এখনো নিখোঁজ: নিয়ন্ত্রণকক্ষ থেকে দাবি করা হয়, সন্ধ্যা পর্যন্ত তিনজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাঁরা হলেন বেসরকারি সংস্থা ব্র্যাকের জ্যেষ্ঠ নিরীক্ষা কর্মকর্তা মোস্তফা মাহফুজ, নড়াইলের আনোয়ারা বেগম ও রাজবাড়ীর পাংশার আছিরুন্নেছা।
তবে ডুবে যাওয়া লঞ্চের বাবুর্চি সোহরাব হোসেন ও কর্মচারী হাসু মিয়াকেও দুপুর পর্যন্ত পাওয়া যায়নি বলে তাঁদের স্বজনেরা জানান। সোহরাব মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামের বাসিন্দা ও হাসু দক্ষিণ তেওতা গ্রামের বাসিন্দা। এ ছাড়া, কুষ্টিয়ার কুমারখালীর তেবাড়িয়া গ্রামের ডলি বেগমকেও পাওয়া যাচ্ছে না বলে জানান তাঁর বাবা হারান শেখ।
নিহত ব্যক্তিদের ১৯ জন কুষ্টিয়া ও ১৪ জন ফরিদপুরের: কুষ্টিয়া ও ফরিদপুর অফিস জানায়, নিহত ব্যক্তিদের ১৯ জনই কুষ্টিয়ার বাসিন্দা। তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর শেষে দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের মধ্যে ফরিদপুরে কর্মরত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক (এডি) ফজলুর রহমানসহ এ জেলার ১৪ জনও রয়েছেন। রয়েছেন একই পরিবারের চারজনও। গতকাল তাঁদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়।
মরদেহ দেখতে গিয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু: রাজবাড়ী প্রতিনিধি জানান, নানির মরদেহ দেখতে যাওয়ার পথে দুই সন্তানসহ মারা গেছেন মা রুমা আক্তার (২৭)। রুমা তাঁর স্বামী নুর হোসেন লিটুর কর্মস্থল মানিকগঞ্জে বসবাস করেন। সেখান থেকে রাজবাড়ীর সিলিমপুরে নানিবাড়ি আসার পথে লঞ্চ দুর্ঘটনার শিকার হন তিনি।
যেভাবে দুর্ঘটনা ঘটল: প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি নার্গিস-১ সিরাজগঞ্জের বাঘাবাড়ী অভিমুখে যাচ্ছিল। এর আগে ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে আসা কমফোর্ট পরিবহনের একটি বাসের ৪৪ জন যাত্রী লঞ্চ এমভি মোস্তফায় ওঠেন। তাঁদের বাইরে স্থানীয় প্রায় সোয়া শ যাত্রী ওঠেন লঞ্চে, যাঁদের টিকিট ছিল না। পরে যাত্রাপথে কার্গোটিকে দ্রুতগতিতে যেতে দেখেও এমভি মোস্তফা কার্গোকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। তখনই লঞ্চটিকে ধাক্কা দেয় কার্গোটি। এতে ডুবে যায় লঞ্চটি। নদীতীর থেকে প্রায় ৮০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।
তবে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক দাবি করেন, হরতালের কারণে লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী ছিল না। বাসের ৪৪ জন যাত্রী ছাড়া স্থানীয় কিছু যাত্রী লঞ্চে ওঠেন।
দুর্ঘটনার কারণ: স্রোতের বিপরীতে মালবাহী লঞ্চ এমভি নার্গিস-১-এর দ্রুতগতিতে চলা এবং ত্রুটিপূর্ণ ও দুর্বল যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফাকে ধাক্কা দেওয়ায় পাটুরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুটি লঞ্চের চালকেরাই লঞ্চ চালাচ্ছিলেন বেপরোয়াভাবে। আইন ভাঙার বিষয় নিয়ন্ত্রণে নিয়ম অনুযায়ী ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর পর্যাপ্ত লোকও ছিল না। প্রত্যক্ষদর্শী ও নৌপরিবহনসংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাত্রীবাহী লঞ্চ চলাচলের কারণে সব সময়ই ব্যস্ত থাকে পাটুরিয়া ঘাট। তাই কোনো মালবাহী বা কার্গো লঞ্চকে চলতে হয় স্বাভাবিকের অর্ধেক গতিতে। কার্গোর স্বাভাবিক গতি (নট) ঘণ্টায় ৯ থেকে ১০ নটিক্যাল মাইল। কিন্তু রোববার দুপুরে এমভি মোস্তফাকে ধাক্কা দেওয়ার আগে সারবাহী কার্গো এমভি নার্গিস-১ সেই বিধি মানেনি।
দুটি নৌযান ত্রুটিপূর্ণ: দুর্ঘটনাকবলিত এমভি মোস্তফা ১৯৬৬ সালে নির্মিত। ২০০৮ সালে এটি কাঠের কাঠামো থেকে গোঁজামিল দিয়ে ইস্পাত কাঠামোতে রূপ দেওয়া হয়। পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের-সমর্থক রহীম খান এ লঞ্চের মালিক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ। অন্যদিকে এমভি নার্গিস-১-কে কার্গো থেকে কোস্টাল (সমুদ্রে চলাচলকারী) নৌযানে রূপান্তর করা হয়। রোববার এ কার্গোর মাস্টারসহ তিনজনকে আটক করে গতকাল আদালতে চালান দেওয়া হয়েছে।