লঞ্চডুবির ঘটনায় মামলা, ভাসল আরেক লাশ
মুন্সিগঞ্জে মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় গজারিয়া থানায় গতকাল রোববার রাতে একটি মামলা হয়েছে। মামলায় লঞ্চের মালিক, সারেং, সুকানিসহ ২০-২২ জনকে আসামি করা হয়েছে। গজারিয়া থানার উপপরিদর্শক হায়দার আলী আকন্দ বাদী হয়ে মামলা করেন।
এই লঞ্চডুবির ঘটনায় গতকাল রাতে ভেসে উঠেছে আরও এক লাশ। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে এখন পর্যন্ত ৫৬ জনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন সাতজন।
এসব লাশের খোঁজ করছে পুলিশ ও কোস্টগার্ড। নিখোঁজ যাত্রীদের খোঁজে মেঘনায় ট্রলার নিয়ে তল্লাশি চালাচ্ছেন অনেক স্বজন৷
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, গতকাল রাতে উদ্ধার করা লাশটি গজারিয়া পুলিশের তদন্ত কার্যালয়ে রাখা হয়েছে। নিখোঁজ যাত্রীদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে লাশ শনাক্ত করবেন।
গত বৃহস্পতিবার এমভি মিরাজ-৪ লঞ্চ ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে গজারিয়া উপজেলার দৌলতপুরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়৷