লঞ্চডুবির পর জীবন্ত মানুষ উদ্ধারে তত্পরতা বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চডুবির পর মরদেহ উদ্ধারে বেশি তত্পরতা না দেখিয়ে জীবন্ত মানুষ উদ্ধারে তত্পরতা বাড়ানোর সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাধারণত লঞ্চডুবির পর সরকারিভাবে জীবন্ত মানুষকে উদ্ধারে বিশেষ কোনো ব্যবস্থা নেই। মৃতদেহ উদ্ধারে তত্পরতা চালানো হয়। কিন্তু কমিটি মনে করে, লঞ্চডুবির পর দ্রুত জীবন্ত মানুষকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নুরুল ইসলাম আরও বলেন, দেশের কোনো কোনো এলাকায় এবং কোনো কোনো সময়ে বেশি লঞ্চডুবি হয়, মন্ত্রণালয়কে সেই জায়গা ও সময় চিহ্নিত করতে বলেছে কমিটি। একই সঙ্গে ওই সব জায়গার কাছাকাছি হেলিকপ্টার ও স্পিডবোটসহ অন্যান্য উদ্ধারকারী যান সব সময়ের জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক, আবদুল হাই, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, এম আবদুল লতিফ, রণজিত্ কুমার রায়, আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম অংশ নেন।