লঞ্চযাত্রী-ঘাটশ্রমিক সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা লঞ্চঘাটে গত বুধবার বিকেলে যাত্রীদের সঙ্গে ঘাটশ্রমিকদের সংঘর্ষে ছাত্রলীগের নেতাসহ ১৫ জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রীরা লঞ্চে উঠতে ব্যস্ত। তখন মাছ ব্যবসায়ীদের মাছের ঝুড়ি লঞ্চে ওঠাতে ব্যস্ত ঘাটশ্রমিকেরা। তাঁরা যাত্রীদের শরীরের ওপর দিয়ে মাছের পানি ফেলে এবং পথ রোধ করে বিশৃঙ্খল পরিস্থিতিতে মালামাল ওঠান। এ নিয়ে যাত্রীদের সঙ্গে ঘাটশ্রমিকদের কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে যোগ দেন মাছের আড়তের শ্রমিকেরা।প্রথমে যাত্রীরা একদফা মার খায়। পরে উপজেলা সদর থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৫-২০টি হোন্ডার বহর নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ছাত্রলীগের কর্মী মো. কবির হোসেনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের মনপুরায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।মো. বাবুল মাতুব্বর বলেন, ‘শ্রমিকেরা লঞ্চের প্রবেশপথ আটকে মাছের ঝুড়ির পানিতে যাত্রীদের ভিজিয়ে দিচ্ছে। অসুস্থ ছোট ভাইকে লঞ্চে ওঠানোর জন্য ঝুড়িগুলো সরাতে শ্রমিকদের অনুরোধ করি। কিন্তু তাঁরা তা না করে উল্টো তেড়ে আসেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘাটের ইজারাদার আলমগীর হোসেনের ইন্ধনে শ্রমিকেরা আমার সঙ্গী ছাত্রলীগের নেতা ও যাত্রীদের ওপর হামলা করেন।’ঘাটের ইজারাদার ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ‘পন্টুনে যাত্রীদের চলাচলের পথে ঝুড়ি থাকার বিষয়টি সত্য নয়। পথের অন্তত পাঁচ-ছয় হাত দূরে এগুলো রাখা ছিল। ক্ষমতার প্রভাবে অন্ধ ছাত্রলীগের নেতা ঘাটের টিকিট কাটা নিয়ে আমার কর্মচারীকে মারধর করেন। এ কারণেই শ্রমিকেরা ক্ষিপ্ত হয়।’মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, ‘লঞ্চঘাটে মারামারি হচ্ছে শুনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি।’