লঞ্চযাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চলাচলকারী লঞ্চের ভাড়া শুক্রবার সকাল থেকে যাত্রীপ্রতি অবৈধভাবে তিন টাকা বাড়ানো হয়েছে। লঞ্চমালিক ও শ্রমিকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নিয়েই অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লঞ্চের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চলাচলকারী প্রতিটি লঞ্চ প্রত্যেক যাত্রীর কাছ থেকে ঘাটের ইজারা বাবদ পাঁচ টাকা ও ভাড়া বাবদ ১২ টাকাসহ মোট ১৭ টাকা নেওয়া হতো। এখন ভাড়া হিসেবে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীপ্রতি ১৫ টাকা নিচ্ছে। অর্থাত্ যাত্রীদের লঞ্চে করে এক ঘাট থেকে অন্য ঘাটে যেতে ২০ টাকা গুনতে হচ্ছে। লঞ্চযাত্রী রাশেদ, আমিনুল, সিরাজসহ কয়েকজন বলেন, দুদিন আগেও ঢাকা যাওয়ার পথে লঞ্চে ১২ টাকা ও ইজারা বাবদ পাঁচ টাকাসহ মোট ১৭ টাকা দিয়ে যাত্রীরা পার হয়েছে। এখন যাত্রীপ্রতি মোট ২০ টাকা নেওয়া হচ্ছে। কাওড়াকান্দি ঘাটের লঞ্চমালিক সমিতির সভাপতি আতাহার বেপারি বলেন, ‘পদ্মায় পানি কমে যাওয়ায় লঞ্চগুলো ১৩ কিলোমিটারের পরিবর্তে ১৭ কিলোমিটার ঘুরে এক ঘাট থেকে অন্য ঘাটে যাচ্ছে। তাই জ্বালানি খরচ ও শ্রমমূল্য বেড়ে যাওয়ায় উভয় পাশের প্রশাসনকে জানিয়েই এ ভাড়া বাড়ানো হয়েছে।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পোর্ট কর্মকর্তা বাবুলাল বৈদ্য জানান, লঞ্চের ভাড়া বেড়ে যাওয়ার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ বিষয়টি দেখার দায়িত্ব মূলত স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘কাওড়াকান্দি ঘাট থেকে ভাড়া বাড়ানোর কথা আমি জানি না। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া ভাড়া বাড়ালে লঞ্চমালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’