লঞ্চযাত্রীদের জীবন রক্ষার সরঞ্জাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ যাত্রীবাহী লঞ্চে যাত্রীদের জীবন রক্ষার সরঞ্জাম অপ্রতুল। অগ্নিনির্বাপক যন্ত্রের অধিকাংশ বিকল। এই নিয়ে ঈদুল ফিতর উপলক্ষে চলাচল করবে যে লঞ্চগুলো, তারও টিকিট হয়ে উঠেছে সোনার হরিণ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, নদীপথে যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ বয়া, ফায়ার বাকেট, অগ্নিনির্বাপক যন্ত্র, বালুর বাক্স বা বালতি, হস্তচালিত পানির পাম্পের ব্যবস্থা রাখা অপরিহার্য। এ ব্যাপারে প্রতিটি লঞ্চের যাত্রীধারণের ক্ষমতা অনুযায়ী সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।কিন্তু গতকাল শনিবার দুপুরে ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল এলাকায় বেশ কয়েকটি লঞ্চে গিয়ে দেখা গেছে, নিরাপত্তাব্যবস্থা অধিকাংশ লঞ্চে নেই। বরগুনাগামী একটি লঞ্চের যাত্রী আমেনা বেগম প্রথম আলোকে বলেন, অন্তত ঈদ মৌসুমগুলোতে লঞ্চের যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে জীবন রক্ষাকারী সরঞ্জাম ও যন্ত্রপাতি রাখা দরকার। খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার চরফ্যাশনগামী এমডি জামাল-৩ লঞ্চের যাত্রীধারণের ক্ষমতা ৪৫৪ জন। সেই অনুযায়ী লঞ্চটিতে লাইফ বয়া থাকার কথা ৫০টি। কিন্তু আছে ৩৪টি। অগ্নিনির্বাপক যন্ত্র চারটি থাকলেও একটি বিকল।দৌলতখানগামী কর্ণফুলী-১ লঞ্চের যাত্রীধারণের ক্ষমতা দিনে ৫৮৯ জন, রাতে ৪৩১ জন। সেই অনুযায়ী লাইফ বয়া ৬৬টি থাকার কথা। কিন্তু আছে ৪৩টি। লঞ্চটির কেরানি দীপক চন্দ্র দাস দাবি করেন, মাত্র ছয় মাস আগে লঞ্চটির সার্ভে করা হয়েছে। যাত্রীদের জীবন রক্ষার জন্য যেসব সরঞ্জাম থাকার কথা, তা সঠিকভাবেই রয়েছে। লালমোহনগামী এমভি পাতারহাট-১ লঞ্চের যাত্রীধারণের ক্ষমতা দিনে ৪১৮ ও রাতে ২৮৫ জন। লাইফ বয়া ৫০টি থাকার কথা থাকলেও রয়েছে ৩৭টি। ফায়ার বাকেট ১৬টির মধ্যে দুটি অকার্যকর। অগ্নিনির্বাপক যন্ত্র ছয়টির মধ্যে একটি বিকল। বালুর বাক্স দুটি থাকলেও তাতে বালু নেই। ভান্ডারিয়াগামী এমভি আল ওয়ালিদ লঞ্চের যাত্রীধারণের ক্ষমতা ৫৪২ জন। লাইফ বয়া ৬০টির মধ্যে রয়েছে ৫৩টি। ফায়ার বাকেট ১২টির মধ্যে তিনটি নষ্ট। অগ্নিনির্বাপক যন্ত্র পাঁচটির মধ্যে রয়েছে চারটি। লঞ্চের কেরানি মো. আরিফুর রহমান দাবি করেন, সরকারি নির্দেশ মোতাবেক জীবন রক্ষাকারী সরঞ্জাম তাঁর লঞ্চে রয়েছে। তরীকা-২ লঞ্চের যাত্রীধারণের ক্ষমতা দিনে ৭২২ ও রাতে ৪৯১ জন। লাইফ বয়া থাকার কথা ৭৯টি, আছে ৫৭টি। ফায়ার বাকেট ১৫টির মধ্যে দুটি নষ্ট। বালুর বাক্স দুটির একটিতেও বালু দেখা যায়নি। লঞ্চ-মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ-চলাচল (যান) সংস্থার ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন বলেন, কিছু কিছু লঞ্চের কর্মচারীর গাফিলতির কারণে এই সমস্যা হতে পারে। বিষয়টি মালিকদের জানানো হলে তাঁরা অবশ্যই এই সমস্যা সমাধান করবেন।নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী নিরাপত্তাসরঞ্জাম না পাওয়া গেলে নৌযান পরিদর্শক লঞ্চ ছাড়ার অনুমতি দেবেন না। তা ছাড়া সংশ্লিষ্ট লঞ্চের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।টিকিট নেই: এবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের ৩৭টি নৌ পথে আগামী বৃহস্পতিবার থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। কিন্তু এখনই কোনো লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না। গত তিন-চার দিন ধরে অগ্রিম টিকিটের জন্য সদরঘাট টার্মিনালের পন্টুনে বরিশালগামী এমভি দ্বীপরাজ ও কীর্তনখোলা লঞ্চের টিকিট বুকিং কাউন্টারের সামনে প্রচুর লোক ভিড় করছে। ফার্মগেট থেকে আসা ফল ব্যবসায়ী সাইদুর রহমান জানান, ২৭ আগস্ট পটুয়াখালী যাবেন। এমভি আঁচল-২ লঞ্চে প্রথম শ্রেণীর কেবিনের টিকিটের জন্য গেলে লঞ্চের কর্মচারী ইমরান মিয়া জানান, টিকিট নেই। মাস্টার কেবিনের সিট আছে, ভাড়া পড়বে দুই হাজার ৭০০ টাকা। লালমোহনের রমিজ মিয়া সকাল নয়টায় সাভার থেকে সদরঘাট টার্মিনালে যান। আট-দশটি লঞ্চে খোঁজ নিয়েছেন। কিন্তু ঈদের আগে কোনো লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট পাননি। কেরানীগঞ্জের স্কুলশিক্ষক আমীর হোসেন বলেন, ‘এক সপ্তাহ ধরে ২৭ ও ২৮ আগস্টের আমতলীর টিকিটের জন্য সদরঘাটে আসছি। কিন্তু কেবিনের টিকিট পাচ্ছি না।’ তিনি আক্ষেপ করে বলেন, কেবিনের টিকিট তো নয় যেন সোনার হরিণ। বরিশালের মাওলা বক্স (৫৭) সকাল সাড়ে নয়টার দিকে বাসাবো থেকে সদরঘাট আসেন। ২৬ আগস্ট বাড়ি যাবেন। সুন্দরবন-৭ লঞ্চের কর্মচারী মো. মামুন তাঁকে জানান, ৩০ তারিখ পর্যন্ত অগ্রিম টিকিট নেই। বুকিং অফিসে গিয়ে কাউকে পাননি, অফিসে তালা ঝুলছে।