লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে তদারকির সুপারিশ
ঈদের সময় লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সে জন্য মন্ত্রণালয়কে তদারকি (মনিটরিং) করার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কাজে লাগাতে বলা হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সভায় সরকারি তদারকির পাশাপাশি যাত্রীদেরও সজাগ হয়ে লঞ্চে ওঠার পরামর্শ দেওয়া হয়। লঞ্চ কর্তৃপক্ষ যাতে অতিরিক্ত যাত্রী ওঠাতে না পারে, সে জন্য যাত্রীদের সজাগ থাকতে বলা হয়।কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মজাহারুল হক প্রধান, সামশুল হক চৌধুরী, উবায়দুল মোকতাদির চৌধুরী ও নসরুল হামিদ অংশ নেন। এ ছাড়া নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যোগ দেন। সভায় ঘরমুখী যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভার পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, লঞ্চমালিকদের অতিরিক্ত যাত্রী বহন না করার আহ্বান জানানো হয়েছে। যাত্রীদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। ত্রুটিপূর্ণ লঞ্চগুলো যাতে যাত্রী পরিবহন না করতে পারে, সে জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।