লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসন্ন ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং করবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ রাখা হবে।’ 
গতকাল শনিবার বেলা ১১টার দিকে বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
পাশাপাশি নৌদুর্ঘটনা থেকে রক্ষার পেতে লঞ্চের ছাদে ভ্রমণ ও অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঈদে লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী না তুলতে পারে সে জন্য প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে নৌদুর্ঘটনা কমেছে। তারপরও শুধু সরকার এবং লঞ্চমালিক-শ্রমিকদের ওপর নির্ভরশীল হলে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।