লঞ্চে চাপ বেশি, কর্মস্থলে ফিরতে ভোগান্তি
ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাঘাট খারাপ থাকায় এবার বাসের তুলনায় লঞ্চে ভিড় বেশি।গত দুই দিন বরিশাল লঞ্চঘাট ও বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঢাকাগামী লঞ্চে পা ফেলার জায়গাও নেই। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকায় ফিরতে দেখা যায় অনেককে।বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালে যাত্রীদের চাপ আছে। কিন্তু বাসমালিকদের দাবি, অন্যবারের চেয়ে এবার চাপ কম। সড়কে সমস্যা থাকায় যাত্রীরা কষ্ট হলেও লঞ্চে যাচ্ছেন। তবে ঢাকাগামী কোনো বাসের টিকিট নেই বলে কাউন্টার থেকে জানানো হয়। হানিফ পরিবহনের কাউন্টার-স্টাফ মো. শাহিন জানান, সড়ক ভালো না থাকায় যাত্রীদের চাপ কম। সবাই লঞ্চে যাচ্ছে। ঈগল পরিবহন থেকে জানানো হয়, যাত্রী কম, তবে কোনো টিকিট নেই। সাকুরা পরিবহনের সহকারী ব্যবস্থাপক কুন্তল রায় বলেন, ‘যাত্রীর চাপ আগের বছরের চেয়ে কম। তার পরও এই চাপ আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।’দুপুরের পর থেকে বরিশাল লঞ্চঘাটে ভিড় বাড়তে থাকে। নিয়মিত সেবার পাশাপাশি গতকাল রোববার থেকে অতিরিক্ত লঞ্চ চালু করা হয়। তবু যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে।বিকেলে লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, আটটি বিলাসবহুল লঞ্চের প্রতিটিতে ধারণক্ষমতার বেশি যাত্রীবোঝাই হয়েছে। এরই মধ্যে অনেককে দেখা গেছে, একটু বসার জায়গার সন্ধান করতে। কেবিনের সামনের বারান্দায় যাত্রীরা গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন।সন্ধ্যা সাড়ে ছয়টায় কয়েক হাজার যাত্রীকে পন্টুনে অপেক্ষা করতে দেখা গেছে। লঞ্চযাত্রী আবেদুর রহমান স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ঢাকায় ফিরছিলেন। বসার জায়গা না পেয়ে কেবিনের বারান্দায় বসে পড়েন তাঁরা। একই অবস্থা হাবিবুর রহমান, মাহমুদা বেগম, মনিরুল ইসলাম, হাসানসহ অসংখ্য যাত্রীর। এঁদের প্রত্যেকেরই ছুটি শেষ হয়ে যাওয়ায় কর্মস্থলে যোগ দিতে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠেছেন।বিআইডব্লিউটিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক গোপাল মজুমদার বলেন, গতকাল শুধু ‘পিএস লেপচা’ ছাড়া অন্য কোনো স্টিমার ছিল না। ওই স্টিমারও দুপুর সাড়ে ১২টায় হুলারহাটে যাত্রীবোঝাই হয়ে যাওয়ায় বরিশাল থেকে কোনো যাত্রী দেওয়া সম্ভব হবে না। আজ সোমবার থেকে বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।লঞ্চ মালিক ও বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘যাত্রীদের চাপ সামাল দেওয়ার জন্য অতিরিক্ত লঞ্চ দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যাত্রীদের যাতে কোনো কষ্ট না হয়। কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।’বিআইডব্লিউটিএ বরিশালের বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ বলেন, ‘যাত্রীর চাপ সামাল দিতে আজ (রোববার) আটটি বড় লঞ্চ রয়েছে। প্রতিদিন ঘাটে দুজন ম্যাজিস্ট্রেট, র্যাব ও প্রশাসনিক কর্মকর্তারা তদারক করছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার আগেই লঞ্চ ঘাট থেকে ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে।’