লঞ্চে ধারণক্ষমতার চার গুণ যাত্রী বহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর ও জাতীয় শোক দিবসের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন লোকজন। চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জগামী সব কটি লঞ্চ ধারণ ক্ষমতার চেয়ে তিন-চার গুণ বেশি যাত্রী বহন করছে। এসব লঞ্চে যাত্রীদের অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে।
গতকাল শনিবার চাঁদপুরের বিকল্প লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট সময়ের আগেই সব কটি লঞ্চ চাঁদপুর ছেড়ে যাচ্ছে তিন-চার গুণ বেশি যাত্রী নিয়ে। ঝুঁকি নিয়ে লঞ্চগুলো ছেড়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অনেক যাত্রী অভিযোগ করেন, সব কটি লঞ্চেই কেবিন ভাড়া পাঁচ শ থেকে এক হাজার টাকা বেশি রাখা হচ্ছে। তাঁদের কর্মস্থলে ফেরার জন্য সরকারি কোনো বিশেষ লঞ্চের ব্যবস্থা নেই। তাই তাঁরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই লঞ্চে ঢাকায় ফিরছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিদর্শক শাহ নেওয়াজ বিষয়টি দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
স্থানীয় নৌবন্দর কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সড়ক পথের ভোগান্তি এড়াতে চাঁদপুর ছাড়াও লক্ষ্মীপুর, কুমিল্লা, শরীয়তপুর ও নোয়াখালীর শত শত যাত্রীকে ঢাকা যাওয়ার জন্য চাঁদপুরের নৌপথ বেছে নিতে হচ্ছে। এর ফলে প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হচ্ছে।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা যাত্রী নিরাপত্তার চিন্তা করে সার্বক্ষণিক নজরদারি করে যাচ্ছি। কোনো লঞ্চকে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে অবস্থান করতে দেওয়া হচ্ছে না।
আবে-এ জমজম লঞ্চের তত্ত্বাবধায়ক বিপ্লব সরকার বলেন, ‘যাত্রী পারাপার করা আমাদের দায়িত্ব। যাত্রী বেশি হলে সেটা আমাদের দেখার দায়িত্ব না।’