লঞ্চে পা ফেলার জায়গা নেই বাসের ছাদেও ঠাসাঠাসি
নানা ভোগান্তি সহ্য করে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করার জন্য বাড়ি এসেছিল। কর্মস্থলে ফিরতে গিয়েও তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা-বরিশাল সড়কপথের বাস ও নৌপথের লঞ্চে একটু পা ফেলারও জায়গা নেই। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও বাসের ছাদে করে লোকজন ঢাকায় ফিরছে।গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বরিশাল লঞ্চঘাট ও বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাঁরা ঈদের ছুটি দু-একদিন বাড়িয়ে নিয়ে এসেছিলেন, তাঁরাও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গতকাল বাস টার্মিনাল ও লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।বেলা ১১টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সব বাসের ছাদেই যাত্রী তোলা হয়েছে। অনেকে বাসে উঠতে না পেরে ট্রাক ও পিকআপে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।ট্রাকের যাত্রী মো. জাকির হোসেন বলেন, ‘ঈদে বাড়িতে এসে ফেরার পথে কোনো বাসের টিকিট না পেয়ে বাধ্য হয়ে মাওয়া পর্যন্ত যেতে ২০০ টাকা দিয়ে ট্রাকে উঠেছি।’বাসের ছাদে ওঠা যাত্রী মো. ইউসুফ বলেন, ‘কাল শনিবার অফিস খোলা। যেকোনোভাবেই যেতে হবে। তাই বাসের ছাদে উঠেছি।’দুপুরের পর থেকে বরিশাল লঞ্চঘাটে ভিড় বাড়তে থাকে। নিয়মিত সার্ভিসের পাশাপাশি শুক্রবার অতিরিক্ত লঞ্চ থাকলেও বিআইডব্লিউটিসির বিশেষ ব্যবস্থা না থাকায় যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খায় মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, আটটি বিলাসবহুল লঞ্চের প্রতিটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েছে। এরই মধ্যে অনেককে দেখা গেছে একটু বসার জায়গার সন্ধান করতে। লঞ্চে যাত্রীদের চাপ সামাল দিতে বুধ ও বৃহস্পতিবার বরিশাল ঘাট থেকে ছেড়ে যাওয়া সব লঞ্চ ঢাকায় পৌঁছে যাত্রী নামিয়ে বরিশালে ফিরে আসে।বিআইডব্লিউটিসি বরিশালের অতিরিক্ত মহাব্যবস্থাপক গোপাল কৃষ্ণ মজুমদার জানান, ঈদের আগে তাঁদের পক্ষ থেকে অতিরিক্ত দুটি স্টিমার থাকলেও ঈদের পর তা দেওয়া হয়নি। গতকাল শুধু একটি স্টিমার ছিল। ওই স্টিমারও দুপুর সাড়ে ১২টায় হুলারহাটে যাত্রী বোঝাই হয়ে যাওয়ায় বরিশাল থেকে কোনো যাত্রী দেওয়া সম্ভব হয়নি।বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ অতিরিক্ত বোঝাই না করার নির্দেশ দিলেও যাত্রীদের চাপে সে নির্দেশ মানা সম্ভব হয়নি কোনো লঞ্চের পক্ষেই।নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা বলেন, ঢাকা-বরিশাল নৌপথে সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন লঞ্চে এক হাজার ৩৫০ জন যাত্রী পরিবহন করা সম্ভব। কিন্তু চাপ সামাল দিতে এখন তিন হাজারের বেশি যাত্রী নিয়ে ঘাট ছাড়তে হয়েছে।লঞ্চ মালিক এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘চাপ সামাল দেওয়ার জন্য অতিরিক্ত লঞ্চ দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, যাত্রীদের যাতে কোনো কষ্ট না হয়।’বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ বলেন, চাপ সামাল দিতে আজ আটটি বড় লঞ্চ দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই যাতে না হয়, সে জন্য তদারক করা হচ্ছে। রাত নয়টায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও লঞ্চ বোঝাই হওয়ায় সন্ধ্যায় লঞ্চ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।