লঞ্চে ফিরছে দক্ষিণের মানুষ, বেশি ভাড়ার অভিযোগ

ঈদ শেষে রাজধানী ঢাকায় ফিরতে দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় বেড়েছে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে। একটার পর একটা লঞ্চ আসছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে। আজ রোববার ভোররাত ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৪১টি রুট থেকে সদরঘাট টার্মিনালে লঞ্চ এসেছে ৮৬টি। বেশির ভাগ লঞ্চেই অতিরিক্ত যাত্রী ছিল। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
প্রিন্স অব রাসেল লঞ্চের যাত্রী হেলালউদ্দীন বরগুনা থেকে ঢাকায় এলেন। তিনি অভিযোগ করেন, তাঁর কাছ থেকে লঞ্চের ডেকের ভাড়া নিয়েছে ৪০০ টাকা। লঞ্চে ওঠার সময় সরকার–নির্ধারিত ভাড়া নেওয়া হবে বলেই জানানো হয় তাঁকে। তবে লঞ্চে ওঠার পরে তাঁদের কাছে বেশি টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে ৪০০ টাকা দেন তিনি। ঈদের আগের দিন তিনি বরগুনায় যান। তখন ভাড়া দেন ২৩০ টাকা।
সুন্দরবন-১০–এর এক যাত্রী শিলারা বেগম বরিশাল থেকে ঢাকায় ফিরছেন। অভিযোগ করলেন, অনেক দর-কষাকষি করে ডেকের ভাড়া ৩০০ টাকা দিয়েছেন তিনি। তবে ঈদের আগে এই ভাড়া আড়াই শ টাকা দিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন লঞ্চের পরিচালক ঝন্টু মিয়া বলেন, ‘যাত্রীদের অভিযোগ ঠিক নয়। সরকার–নির্ধারিত ভাড়াই আমরা আদায় করেছি। অতিরিক্ত কোনো বাড়া নেওয়া হচ্ছে না। বরং অনেক সময় কম ভাড়াও নেওয়া হচ্ছে।’
যাত্রী নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখা হয়েছে জানিয়ে নৌ–পুলিশের উপপরিদর্শক আরিফুল ইসলাম বলেন, ‘যাত্রী নিরাপত্তায় ঈদের পাঁচ দিন আগে থেকে নিরাপত্তার দায়িত্বে আমরা আছি। কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি যাতে না হয়, তার জন্য আমরা সতর্ক আছি।’
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. নাদিরুজ্জামান বলেন, সদরঘাট এলাকায় যাত্রীরা যাতে কোনো অবস্থায় হয়রানির শিকার না হয়, সে জন্য আসা–যাওয়ার পথে যাত্রীদের সুবিধার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা ও কর্মচারীরা পর্যায়ক্রমে দিনরাত দায়িত্ব পালন করছেন। তিনি জানান, আজ ভোররাত চারটা থেকে সকাল ছয়টা পর্যন্ত লঞ্চ এসেছে ৮০। এরপর ১০টা পর্যন্ত লঞ্চ এসেছে আরও ৬টি।