লঞ্চে যাত্রীদের ওপর হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগের দিন (২৬ অক্টোবর) ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা সৈকত-২ লঞ্চের কর্মচারীদের হামলায় আটজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বিআইডব্লিউটিএর পটুয়াখালী বন্দর কর্মকর্তা মামলা দায়ের করলে পুলিশ লঞ্চের চারজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে।লঞ্চের যাত্রীদের সূত্রে জানা গেছে, সৈকত-২ লঞ্চটি ওই দিন রাত সাড়ে আটটার দিকে পটুয়াখালী পৌঁছার আগেই বগা লঞ্চঘাটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দীর্ঘ সময়েও লঞ্চটি সচল না হওয়ায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে লঞ্চের কর্মচারীদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা ও পরে মারামারি শুরু হয়। এতে লঞ্চের আটজন যাত্রী গুরুতর আহত হন।বিআইডব্লিউটিএ পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে তিনি পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে লঞ্চটি পটুয়াখালী টার্মিনালে ভিড়লে পুলিশ আহত আট যাত্রীকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। আহতরা হলেন মিজানুর রহমান, রুবেল, ইব্রাহিম, নুরু, মোস্তফা, রেশমা, রুবেল (২), রাজিয়া।এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই লঞ্চের চারজন কর্মচারীকে আটক করা হয়। তাঁরা হলেন লঞ্চের মাস্টার বেলায়েত হোসেন, মাস্টার মোমিন উদ্দিন, কেবিন বয় গোলাম সগির ও আবু।জানতে চাইলে লঞ্চের মাস্টার বেলায়েত হোসেন বলেন, লঞ্চের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। এই মারামারির ঘটনায় তিনি যাত্রীদের দোষারোপ করেন।পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই রাতেই সদর থানায় লঞ্চের কর্মচারীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মামলায় আটক চারজনসহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।