লঞ্চে সিসি টিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর রাখতে হবে
নির্ধারিত নকশার বাইরে লঞ্চ তৈরি না করতে এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রেখে প্রতিটি লঞ্চে সিসি টিভি ক্যামেরা স্থাপন ও মেটাল ডিটেক্টর রাখতে লঞ্চমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
গতকাল বুধবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে নবনির্মিত যাত্রীবাহী লঞ্চ এম ভি পারাবত-১২-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এ আহ্বান জানান।
রাবেয়া শিপিং কোম্পানির চেয়ারম্যান ও এম ভি পারাবত-১২ লঞ্চের মালিক সহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা) ভোলা নাথ দে এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ।
নৌমন্ত্রী বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় নৌ-দুর্ঘটনা কমে এসেছে। দুর্ঘটনা কমিয়ে আনতে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নৌ-দুর্ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে লঞ্চমালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সদরঘাটের পূর্ব ও পশ্চিম পাশে টার্মিনাল ভবন ও পন্টুনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া পোস্তগোলার কাছে শ্মশানঘাট এলাকায় একটি আধুনিক লঞ্চ টার্মিনাল ভবন নির্মাণ করা হবে।
শাজাহান খান বলেন, দেশের বিভিন্ন নৌপথ খননের লক্ষ্যে ১০০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নদীবন্দর উন্নয়ন ও নৌপথ খননে বিশ্ব ব্যাংক থেকে ৩ হাজার ২০০ কোটি টাকার ঋণসহায়তা পাওয়া যাবে।
মেসার্স রাবেয়া শিপিং কোম্পানি কেরানীগঞ্জে মাদারীপুর ডকইয়ার্ডে এম ভি পারাবত-১২ লঞ্চটি নির্মাণ করেছে। এর দৈর্ঘ্য ৩১০ ফুট ও প্রস্থ ৫২ ফুট। জাপানের তৈরি ৫০০০ অশ্বশক্তির মেরিন প্রোপালশন ইঞ্জিন এবং ছয়টি স্ট্যান্ডবাই জেনারেটর ব্যবহার করা হয়েছে। চার তলাবিশিষ্ট এই লঞ্চে যাত্রীদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ভিভিআইপি, ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাস কেবিন। ফাস্ট ফুড ক্যাফে, মেডিসিন কর্নার। প্রতিটি কক্ষে আছে বিনোদনের জন্য এলইডি টিভি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিরাপত্তার জন্য নৌযানটিতে রয়েছে একাধিক স্তরের তলদেশ, রাডার, জিপিএস, ইকো সাউন্ডার। যোগাযোগের জন্য ভিএইচএফ রেডিও, অন স্ক্রিন নেভিগেশন ক্যামেরা, ওয়াটার ব্লাস্ট, সিসি টিভি ক্যামেরা ইত্যাদি।