লঞ্চের আগাম টিকিট মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত ভাড়া দিতে চাইলে কেবিনের টিকিট নেই। বাড়তি ধরিয়ে দিতে পারলে আছে। গতকাল শুক্রবার সদরঘাটে ঈদের লঞ্চের আগাম কেবিন টিকিট সংগ্রহ করতে গিয়ে এ অবস্থা দেখেছেন অনেক যাত্রী। অনেকে বাড়তি টাকা দিয়েও টিকিট পাননি।দক্ষিণাঞ্চলের যাত্রীরা ঈদের জন্য লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের অগ্রিম টিকেট কিনতে গতকাল ছুটির দিনে সকাল থেকেই ঢাকা সদরঘাট টার্মিনালে ভিড় জমান। বাদামতলীতে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) রকেট স্টিমার সার্ভিসের টিকিটের জন্যও ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। গতকাল দুপুরে ঢাকা সদরঘাট টার্মিনাল গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে কেবিনের ১৪ থেকে ১৮ আগস্টের টিকিট প্রায় নেই। আগেই বুকিং বা বিক্রি হয়ে গেছে। যদিও লঞ্চ মালিক সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ১০ আগস্টই ছিল অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিন। বেশির ভাগ লঞ্চেই অগ্রিম টিকিটের টিকিটিরও দেখা পাওয়া যায়নি। তবে কোনো কোনো লঞ্চের কেবিনের টিকিট লুকিয়ে রেখে বা বুকিং দেখিয়ে পরে ‘বিশেষ পথে’ দ্বিগুণ, তিন গুণ ভাড়া নেওয়ার বন্দোবস্ত করতে দেখা গেছে সংশ্লিষ্ট লঞ্চের লোক ও দালালদের। যাত্রীদের অভিযোগ, সদরঘাটে বাস্তবের চেয়ে বেশি বুকিং দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের পথ তৈরি করেছে কিছু লঞ্চের কর্মচারী ও তাদের নিয়োজিত দালালেরা। টিকিটের জন্য ছুটোছুটি: যাত্রাবাড়ী থেকে আসা মিজানুর রহমান বলেন, অগ্রিম টিকিটের জন্য গত মঙ্গলবার থেকে প্রতিদিন টার্মিনালে ঘুরছেন, কিন্তু কোনো টিকিট পাননি। পরে জানতে পারেন, গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে অগ্রিম টিকিট দেওয়া হবে। গতকাল সুন্দরবন-৮সহ চারটি লঞ্চে গিয়ে দেখেন, টেবিল-চেয়ার থাকলেও লোক নেই। কারণ, টিকিট নাকি নেই। বরিশালগামী পারাবত-২ লঞ্চের টিকিট মাস্টার মো. সেলিম মিয়া বলেন, ঈদের আগে ১৪, ১৬ ও ১৮ আগস্ট তাঁদের লঞ্চের ট্রিপ আছে। কিন্তু কেবিন মাত্র ১০০টি। হাসনা বেগম ১৭ তারিখের বরিশালের অগ্রিম টিকিটের জন্য গতকাল সকাল সাড়ে আটটা নাগাদ টার্মিনালে এসে সাতটির মতো লঞ্চে খোঁজ নিয়েছেন। লঞ্চের লোকজন বলেছেন, কেবিনগুলোর অগ্রিম টিকিট বরিশাল থেকে বুকিং দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন করেন, ‘আমরা সপরিবারে ঢাকায় থাকি। কীভাবে বরিশাল থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করব বুঝতে পারছি না।’তবে বাড়তি টাকা গুনলে...: বাড়তি টাকা দিলে টিকিট পাওয়ার প্রস্তাব পেয়েছেন অনেক যাত্রী। কেউ কেউ বেশি দামে কিনেছেনও। বরিশালের যাত্রী কফিল উদ্দিন বলেন, এম ভি দ্বীপরাজ, সুরভি, কোকোসহ কয়েকটি লঞ্চে তিনি ১৫ তারিখের কেবিনের টিকিট পাননি। পরে একাধিক লঞ্চ থেকে প্রস্তাব করা হয়েছে, বাড়তি টাকা গুনলে অন্যের বুকিং দেওয়া কেবিন ‘ম্যানেজ’ করা যাবে। বরিশালের সিঙ্গেল কেবিনের ভাড়া ৮২০ টাকার জায়গায় দাবি করা হয় দেড় হাজার থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত। ডাবল কেবিনের জন্য এক হাজার ৪০ টাকার জায়গায় তিন হাজার। কোনো কোনো ক্ষেত্রে চার হাজার পর্যন্ত দাবি করার অভিযোগ করেছেন যাত্রীরা। যোগাযোগ করা হলে অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী-পরিবহন) সংস্থার সহসভাপতি মো. শাহাবুদ্দিন বলেন, অন্যের নামে বুকিং দেওয়া টিকিট বাড়তি দামে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ কিছুটা সত্য হলেও ঢালাওভাবে বলা যাবে না। তিনি বলেন, ঈদের সময়ের ছোট-বড় লঞ্চগুলোতে সর্বোচ্চ দুই হাজার ৩০০ কেবিন থাকে। কিন্তু চাহিদা আছে ১০ হাজারের বেশি। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার প্রথম আলোকে বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে অবশ্যই সেই লঞ্চের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্টিমারের টিকিট ভিআইপিদের: গত কয়েক দিন ঢাকা-বরিশাল-খুলনা রুটের বিলাসবহুল স্টিমারগুলোর প্রথম শ্রেণীর কেবিনের জন্য দিলকুশায় অবস্থিত বিআইডব্লিউটিসি অফিসে এবং দ্বিতীয় শ্রেণীর কেবিনের জন্য বাদামতলী ঘাট কার্যালয়ে ধরনা দিয়েছেন শত শত যাত্রী।মোরেলগঞ্জগামী লঞ্চের যাত্রী মো. কুদ্দুস মিয়া বলেন, ১৭ তারিখের কেবিনের টিকিটের জন্য চার-পাঁচ দিন ধরে টার্মিনালে এসে বিআইডব্লিউটিসির রকেট স্টিমার সার্ভিসে খোঁজ নিয়েছেন। স্টিমারের কর্মীদের পরামর্শে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়েও গেছেন। কাজ হয়নি।জানা যায়, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাংসদ ও সরকারদলীয় নেতাদের সুপারিশেই বেশির ভাগ কেবিনের ‘রিজারভেশন’ হয়েছে। একটি সুখবর: বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, ১৪ আগস্ট থেকে বিশেষ রকেট স্টিমার চলাচল করবে। ১২ আগস্ট থেকে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় মতিঝিল থেকে বরিশাল, চাঁদপুর, মোরেলগঞ্জ, খুলনা, বাগেরহাট রুটের রকেট স্টিমারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের অগ্রিম টিকিট পাওয়া যাবে।