লঞ্চের কেবিনের টিকিট শেষ, না পেয়ে হতাশা
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের বড় লঞ্চগুলোর কেবিনের ঈদের আগের পাঁচ দিনের টিকিট পাওয়া যাচ্ছে না। রাজধানীর সদরঘাট টার্মিনালে বিভিন্ন বড় লঞ্চের কেবিনের টিকিট না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন টিকিটপ্রত্যাশীরা। লঞ্চগুলোর কর্মীরা বলছেন, কয়েক দিন আগেই কেবিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
এবার ঈদে সরকারি নতুন একটি স্টিমার ও বেসরকারি মালিকানার ১১টি বড় নতুন লঞ্চ যাত্রী বহনে নামছে। এদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে সদরঘাট টার্মিনালে ঢোকার আগে যাত্রীদের নাম তালিকাভুক্ত করার সিদ্ধান্ত এবারও কার্যকর হচ্ছে না। তবে কোনো লঞ্চ যাতে ছাদে যাত্রী নিতে না পারে, এ ব্যাপারে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটি বলছে, এ ছাড়া লঞ্চ ভরলেই টার্মিনাল ছাড়তে বাধ্য করা হবে। এটি না মানলে গ্রেপ্তার ও জরিমানা করা হবে।
লঞ্চে কেবল কেবিনের টিকিটই অগ্রিম বিক্রি করা হয়। গত বৃহস্পতিবার সকালে সদরঘাট টার্মিনাল এলাকা ঘুরে জানা যায়, বেশ কয়েক দিন আগেই শেষ হয়ে গেছে বড় লঞ্চগুলোর কেবিনের টিকিট। নিজেকে বরিশালগামী সুরভী-৮ লঞ্চের তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, এই লঞ্চে ১১৫টির মতো কেবিন আছে। কিন্তু কেবিনের টিকিট নেই। পাশে বাঁধা একই পথের কীর্তনখোলা-২ লঞ্চ থেকেও বলা হয়, কেবিনের টিকিট শেষ হয়ে গেছে। এমভি পারাবত, এমভি সুন্দরবন, এমভি টিপু, এমভি দ্বীপরাজ, এমভি রেডসানসহ আরও কিছু লঞ্চেরও কেবিনের টিকিট শেষ বলে জানা গেছে।
এমভি সুন্দরবনের কেবিনের টিকিট না পেয়ে হতাশ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ঈদে বৃদ্ধ বাবাসহ পরিবারের পাঁচজনকে নিয়ে বাড়ি যাবেন। কেবিন ছাড়া যাওয়া সম্ভব নয়। কিন্তু কোনো লঞ্চেরই কেবিনের টিকিট পাচ্ছেন না। এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না।
আবদুস সালাম নামের অপর একজন কেবিনের টিকিটপ্রত্যাশী বলেন, গত দুই দিন চেষ্টা করেছেন, কিন্তু কোনো বড় লঞ্চের কেবিনের টিকিট পাননি। বেশির ভাগ লঞ্চের কর্মচারীরা বলছেন, টিকিট বিক্রি শেষ। তবে মালিকের কাছে কিছু টিকিট থাকতে পারে।
টার্মিনালের বাইরে কাউন্টার হয়নি: গত বছর ঈদুল ফিতরের আগে নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে আন্তসংস্থার বৈঠকে লঞ্চে ওঠার আগেই যাত্রীদের নাম তালিকাভুক্ত করতে টার্মিনালের বাইরে আলাদা কাউন্টার করার সিদ্ধান্ত হয়। অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতেই এ উদ্যোগ। কিন্তু বৃহস্পতিবার সদরঘাটের বাইরে এ ধরনের কোনো কাউন্টার দেখা যায়নি। বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, টার্মিনালের পাশে বর্ধিত চারতলা টার্মিনালের নির্মাণকাজ চলছে। একতলার নির্মাণ সম্পন্ন হলে সেখানে যাত্রীদের প্রাক্-তালিকাভুক্ত কাউন্টার খোলা হবে। ঈদুল আজহার আগেই তা সম্ভব হতে পারে। এর মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট লঞ্চে নিজেদের নাম অন্তর্ভুক্ত করবেন।
বিআইডব্লিউটিএর সূত্র জানায়, গত ১৭ জুন বিআইডব্লিউটিএ ভবনে ঈদ উপলক্ষে করণীয়-সম্পর্কিত সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ঘোষণা দেন, যাত্রী ভরলেই প্রতিটি লঞ্চকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে দিতে হবে। এ ছাড়া ছাদে কোনো যাত্রী বহন করা যাবে না।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহীদ উল্লাহ বলেন, বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ, নৌ-পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, র্যা ব, জেলা প্রশাসনের সমন্বয়ে কমিটি করা হয়েছে। কমিটির উদ্যোগে প্রতিটি লঞ্চের ওপর নজরদারি থাকবে। যাত্রী ভরলে টার্মিনাল না ছাড়লে লঞ্চে দায়িত্বরত ব্যক্তিদের গ্রেপ্তার ও জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদে সরকারি-বেসরকারি ১২টি লঞ্চ-স্টিমার: ঈদ সামনে রেখে সরকারিভাবে একটি স্টিমার ও বেসরকারি মালিকানার নতুন ১১টি লঞ্চ চালু হবে। সরকারিভাবে বিআইডব্লিউটিসি ‘মধুমতি’ নামের একটি স্টিমার চালু করবে। এ ছাড়া ঈদ উপলক্ষে স্টিমার লেপচা, মাহসুদ ঢাকা থেকে যাত্রা করে একই দিনে ফিরে আসবে।
বেসরকারি মালিকানায় চালুর জন্য নতুন যে ১১টি লঞ্চ তৈরি আছে সেগুলো হলো: পটুয়াখালীগামী এমভি ঈগল, এমভি জাহিদ ও এমভি কুয়াকাটা, বরিশালগামী সুন্দরবন-৯ ও ১১, গলাচিপাগামী এমভি বাগেরহাট, ভোলাগামী কর্ণফুলী ও আমতলীগামী এমভি ইয়াদ। নতুন এসব লঞ্চ বড় আকৃতির এবং অধিক যাত্রী ধারণক্ষমতার।