লঞ্চের চেয়ে অটোরিকশার ভাড়া বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমন হোসেন-রেবা বেগম দম্পতি ঈদের ছুটি কাটিয়ে বরিশাল থেকে রাজধানীতে ফিরেছেন লঞ্চে। তাঁরা এসেছেন লঞ্চের ডেকে করে। এ জন্য তাঁদের ভাড়া দিতে হয়েছে মাথাপিছু ২৫০ টাকা করে। তাঁদের বাসা রাজধানীর শাহজাদপুরে। ওই গন্তব্যে যেতে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ভাড়া হাঁকছিলেন ৭০০ থেকে ৮০০ টাকা। রাগ করে ফিরে তাঁরা যান রিকশাস্ট্যান্ডে। সেখানে এসেও ভাড়ার উত্তাপ বেশ ভালোই টের পান তাঁরা।

রিকশাচালকেরা সুমন হোসেন-রেবা বেগমের কাছে ভাড়া চেয়েছেন ৪০০ থেকে ৫০০ টাকা। অবশেষে অনেক দরদাম করে ৬০০ টাকায় সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাসার উদ্দেশে সদরঘাট ছাড়েন তাঁরা।

শুধু সুমন-রেবা দম্পতি নন, গত শুক্রবার দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, বাসায় যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের।

যাত্রীরা বলেন, সদরঘাটে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার সংখ্যা যাত্রীর তুলনায় কম। আর সেই সুযোগই নিচ্ছেন চালকেরা। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া হাঁকছেন তাঁরা। এ ক্ষেত্রে যাত্রীরা অসহায়। বাধ্য হয়ে বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

শুক্রবার বরিশালের গৌরনদী থেকে লঞ্চে ঢাকায় এসেছেন হাসনা বেগম। তিনি এসেছেন সিঙ্গেল কেবিনে। ভাড়া দিয়েছেন ৬০০ টাকা। অথচ সদরঘাট থেকে আজমপুরের বাসায় যেতে তাঁকে অটোরিকশা ভাড়া দিতে হবে ৮০০ টাকা। তিনি বলেন, ‘আমরা তো জিম্মি। ভাড়া যা-ই নেওয়া হোক, বাসায় তো ফিরতে হবে।’

যাত্রাবাড়ীর বাসিন্দা ইমরান রহমানকেও অন্য সময়ের চেয়ে চার গুণ বেশি ভাড়া দিয়ে বাসায় ফিরতে হয়েছে। তিনি বলেন, ‘৫০ টাকার ভাড়া ১০০ টাকা হতে পারে। তাই বলে ২০০ টাকা। এটা বাড়াবাড়ি।’

বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে কথা হয় অটোরিকশা ও রিকশার কয়েকজন চালকের সঙ্গে। তাঁদের কথা, ঈদের সময় খরচ বেশি হয়। রাস্তায়ও কয়েক জায়গায় বকশিশ দিতে হয়। এ ছাড়া ভোরে আসার সময় খালি আসতে হয়, যাত্রী পাওয়া যায় না।

চালকেরা ভাড়া বেশি হাঁকার কারণে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় শিশু বা বয়স্ক মানুষকে। এ ছাড়া নারীদের পক্ষে ব্যাগ নিয়ে ঘাট থেকে কিছুটা দূরে বাসস্ট্যান্ডে যাওয়া সম্ভব হয় না। এ জন্য লোকজন অটোরিকশা ও রিকশা বেছে নিতে বাধ্য হন।

এদিকে এ সময় বাসের ভাড়াও বেড়ে যায়। রিকশা ও অটোরিকশার ভাড়া বেশি দেখে রুমা ও লিজা নামের দুই বান্ধবী বাসস্ট্যান্ডের উদ্দেশে হাঁটতে শুরু করেন। সদরঘাট থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত হেঁটে এসে বাসে ওঠেন তাঁরা। মিরপুরের তালতলা পর্যন্ত তাঁদের ভাড়া দিতে হয়েছে জনপ্রতি ৬০ টাকা। অন্য সময়ে এই ভাড়া ২৫ টাকা।

অন্যান্য বাহনের চালকদের মতো বাসচালকদেরও ভাষ্য, এই সময় তাঁদের খরচ বেশি। তাই তাঁরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন।